সেমিতেই খেলছেন নর্দে!
অল্পের জন্য বড় ধরনের চোট থেকে রক্ষা পেলেন সনি নর্দে। মোহামেডানের বিপক্ষে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কড়া ট্যাকলে চোট পান শেখ জামালের এই হাইতিয়ান। ওই ম্যাচে নর্দের দুই গোলে শেখ জামাল জেতে ৩-১ গোলে। বলতে গেলে মোহামেডানকে একাই শেষ করেছেন নর্দে।
নিজের দ্বিতীয় গোল করার পরপরই নর্দেকে বঙ্গবন্ধু স্টেডিয়াম ছাড়তে হয়েছে স্ট্রেচারে শুয়ে। যেতে হয়েছে হাসপাতালে। মোহামেডানে নাইজেরিয়ান মিডফিল্ডার আইউ তাঁকে বিপজ্জনক ট্যাকল করেন, চোট পান হাঁটুতে। তবে নর্দের ভাগ্য ভালো, অল্পের ওপর দিয়ে গেছে। চোটটা আরেকটু বেশি লাগলে এ মৌসুমে আর খেলাই হতো না তাঁর!
মাঠে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বাড়তি সুরক্ষা নিতে রেফারির প্রতি বিশেষ নির্দেশনা আছে ফিফার। তবে বাংলাদেশের রেফারিরা তা পুরোপুরি অনুসরণ করছেন না। নর্দেকে ওই ফাউলটা করার জন্য অবধারিত লাল কার্ড পাওনা ছিল আইউর। কিন্তু রেফারির তৈয়ব হাসানের বদান্যতায় পান হলুদ কার্ড।
ফুটবল অনুরাগীদের জন্য সুসংবাদ, আগামীকাল আবাহনীর বিপক্ষে সেমিফাইনালেই নর্দে হয়তো খেলবেন। দুই দিন বিশ্রামের পর গতকাল অনুশীলন করছেন। নর্দে জানালেন, তিনি মাঠে নামার জন্য প্রস্তুত, ‘অনেকটা ফিট মনে করছি নিজেকে। কাজেই সেমিফাইনালে খেলব আশা করি।’
এবারের ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত মাঠে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন নর্দেই। গত মৌসুমে শেখ রাসেলকে যে নৈপুণ্যে ট্রেবল জিতিয়েছিলেন, এবার শেখ জামালে শুরু থেকেই যেন তেমন খেলছেন। নর্দে নেই, এবার প্রথম টুর্নামেন্টেই শেখ রাসেল বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। গতবারের সেরা দলটি অনুজ্জ্বল, আর সবচেয়ে উজ্জ্বল শেখ জামাল। শুধু নর্দে নন, শেখ জামালে তাঁর স্বদেশি স্ট্রাইকার ওয়েডসনও খেলছেন দুর্দান্ত। এই নর্দে-ওয়েডসনের শেখ জামালের ফেড কাপ জেতাটাই হবে সবচেয়ে স্বাভাবিক ঘটনা।
মুক্তিযোদ্ধা-বিজেএমসিও ভালো খেলছে। দল দুটি বড় বাজেটের নয়। তবে মাঠের খেলায় তারাও কিন্তু জানিয়ে রেখেছে শিরোপার দাবি। পরশু দ্বিতীয় সেমিতে এই দুই দলের লড়াইটাও জমবে ভালো।