সেমিতেই নাদাল-জোকোভিচ?
রোলাঁ গাঁরো তাঁর জন্য কখনোই খুব একটা পয়া নয়। এর আগে মাত্র একবারই শেষ হাসি হাসতে পেরেছেন। রজার ফেদেরার এবার পারবেন কিনা বলা মুশকিল। তবে আপাতত স্বস্তির খবর একটাই, ফাইনালের আগে অন্তত দুই প্রবল প্রতিপক্ষ রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচের তাঁর সঙ্গে দেখা হবে না। কিন্তু প্রশ্ন হলো, ফাইনালে উঠতে পারবেন তো? ওদিকে তৃতীয় বাছাই নাদাল ও শীর্ষ বাছাই জোকোভিচের দেখা হয়ে যেতে পারে শেষ চারেই।
হাঁটুর চোট নিয়ে সাত মাস বাইরে থাকার পর দুর্দান্তভাবেই ফিরে এসেছেন নাদাল। প্রত্যাবর্তনের পর খেলা জিতেছেন আটটি টুর্নামেন্টের ছয়টিতেই। আর কাল শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেন তো তাঁর নিজস্ব রাজ্যপাট, আটবার ফ্রেঞ্চ ওপেনে খেলে জিতেছেন সাতবারই। কদিন আগেই ফেদেরারকে নাকানিচুবানি খাইয়ে জিতেছেন রোম মাস্টার্সে। লাল দুর্গের রাজাকে ‘ফেডেক্স’ তাই এড়াতেই চাইবেন। তবে নাদালের জন্য এবারের টুর্নামেন্টের আবেদন একটু অন্য রকম। গত বছর উইম্বলডনের পর চোট কাটিয়ে এই প্রথম তাঁর গ্র্যান্ড স্লাম খেলতে নামা। সেজন্যই অনুভূতিটা হচ্ছে ঘরে ফেরার, ‘আমি রোলাঁ গাঁরোতে আসতে পেরে খুশি। এটা এমন একটা টুর্নামেন্ট যেখানে আমি কখনোই খেলার সুযোগটা হারাতে চাই না।’ তবে শুরুর আগেই এবার ফ্রেঞ্চ ওপেন খানিকটা আকর্ষণ হারিয়ে ফেলেছে। চোটের কারণে অ্যান্ডি মারে ও হুয়ান মার্টিন দেল পোত্রো নাম প্রত্যাহার করে নিয়েছেন টুর্নামেন্ট থেকে। যদিও বার্নার্ড টমিক, গ্রিগর দিমিত্রভ, মিলোস রাওনিচদের মতো প্রতিশ্রুতিশীল নিজেদের আগমনী বার্তা জানিয়ে দিতে পারেন এখানেই। কাল হওয়া ফ্রেঞ্চ ওপেনের ড্র অনুযায়ী প্রথম রাউন্ডে জোকোভিচ পাচ্ছেন বেলজিয়ামের ডেভিড গফিনকে, নাদালের প্রতিপক্ষ জার্মানির ড্যানিয়েল ব্রান্ডস।
মেয়েদের বিভাগে সেমিফাইনালে মুখোমুখি হতে পারেন দ্বিতীয় বাছাই ও বর্তমান চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা ও তৃতীয় বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কা। দুর্দান্ত ফর্মে থাকা শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসের শেষ চারে সম্ভাব্য প্রতিপক্ষ চতুর্থ বাছাই আগ্নিয়েস্কা রাদভানস্কা। এএফপি।