সেমিতেই বায়ার্ন-রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেলসি-অ্যাটলেটিকোর ভাগ্য ঠিক করে দিয়েছেন লুইস ফিগোই! কাল সুইজারল্যান্ডের নিয়নে হয়ে যাওয়া চ্যাম্পিয়নস লিগের শেষ চারের ড্রয়ে সাবেক পর্তুগাল ফুটবলার  এএফপি
চেলসি-অ্যাটলেটিকোর ভাগ্য ঠিক করে দিয়েছেন লুইস ফিগোই! কাল সুইজারল্যান্ডের নিয়নে হয়ে যাওয়া চ্যাম্পিয়নস লিগের শেষ চারের ড্রয়ে সাবেক পর্তুগাল ফুটবলার এএফপি

এক যুগ ধরে দশম শিরোপার অপেক্ষায় একটা দল। আরেকটি দলের লক্ষ্য শুধু শিরোপা ধরে রাখা নয়, ষষ্ঠবারের মতো ইউরোপ-সেরা হওয়া।
যদি ভাগ্যের খেলা না হয়ে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হতো, কার্লো আনচেলত্তি কি প্রতিপক্ষ হিসেবে বায়ার্ন মিউনিখকে বেছে নিতেন? কিংবা পেপ গার্দিওলা সেমিফাইনালেই দাঁড়াতে চাইতেন রিয়াল মাদ্রিদের সামনে? হয়তো না। ইউরোপ-সেরার লড়াইয়ে শেষ যে চারটি দল টিকে আছে তাদের সামর্থ্য কিংবা শক্তি নিয়ে, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি ঐতিহ্য আর পরিসংখ্যান বিবেচনায় নেওয়া হয় তাহলে এই চার দলের মধ্যে সন্দেহাতীতভাবে সবচেয়ে সফল রিয়াল ও বায়ার্ন। এই সময়ে সবচেয়ে তারকাবহুলও। কেন চাইবে তারা ফাইনালের আগেই একে অন্যের মুখোমুখি হতে!
কিন্তু না চাইলেও নিয়তি তাদের ঠিকই মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। সুইজারল্যান্ডের নিয়নে কাল হয়ে যাওয়া ড্র নিশ্চিত করে দিয়েছে সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন খেলবে রিয়ালের সঙ্গে। অন্য সেমিফাইনালে হোসে মরিনহোর চেলসির মুখোমুখি হবে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। ২২ ও ২৩ এপ্রিল প্রথম লেগ হবে ভিসেন্তে ক্যালদেরন ও সান্তিয়াগো বার্নাব্যুতে। আলিয়াঞ্জ অ্যারেনা ও স্ট্যামফোর্ড ব্রিজে ফিরতি লেগের ম্যাচ দুটি ২৯ ও ৩০ এপ্রিল।
কোচ হিসেবে এর আগে দুবার করে চ্যাম্পিয়নস লিগ জেতার সৌভাগ্য হয়েছে আনচেলত্তি ও গার্দিওলা দুজনেরই। তবে বিস্ময়করভাবে দুজন এর আগে কখনোই মুখোমুখি হননি কোনো টুর্নামেন্টে! বায়ার্নের স্প্যানিশ কোচের সঙ্গে প্রথম দেখাটা যে সহজ হবে না সেটা জানেন রিয়ালের ইতালিয়ান কোচও, ‘গার্দিওলা বিশ্বের সেরা কোচদের একজন এবং খুবই অভিজ্ঞ। তবে বায়ার্ন ফেবারিট হলেও চ্যাম্পিয়নস লিগের শিরোপা ছাড়া আর কিছু ভাবছি না আমরাও। আর সেটা পেতে হলে বায়ার্নকে হারাতেই হবে।’ দুই কোচের আগে দেখা না হলেও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ৫ বার দেখা হয়েছে এই দুই দলের। এর মধ্যে চারবারই শেষ হাসি ছিল বায়ার্নের মুখে।
একদিকে হোসে মরিনহোর মতো কোচ, অন্যদিকে ডিয়েগো সিমিওনের তত্ত্বাবধানে এই মৌসুমে দুর্দান্ত ফর্মের অ্যাটলেটিকো মাদ্রিদ। লড়াইটা জমাট হওয়ার কথা অন্য সেমিফাইনালেও। সেই লড়াই আরও জমে ওঠার আভাস দিচ্ছে চেলসি থেকে ধারে আনা অ্যাটলেটিকোর গোলরক্ষক থিবো কোর্তুয়ার ইংলিশ ক্লাবটির বিপক্ষে খেলা নিয়ে বিতর্ক। উয়েফার নিয়মে সেমিফাইনালে চেলসির বিপক্ষে খেলতে কোনো বাধা নেই। তবে ধারের চুক্তি নবায়নের সময় চেলসি শর্ত জুড়ে দিয়েছিল, ওদের বিপক্ষে কোর্তুয়াকে খেলাতে হলে ম্যাচপিছু অতিরিক্ত ৩০ লাখ ইউরো করে দিতে হবে অ্যাটলেটিকোকে। উয়েফা অবশ্য এক বিবৃতিতে স্পষ্ট করেছে, দুই ক্লাবের মধ্যে এই গোপন চুক্তি উয়েফার ম্যাচে প্রযোজ্য নয়। পরে চেলসি প্রধান নির্বাহীও বলেছেন, মূল ক্লাবের বিপক্ষে কোর্তুয়ার খেলতে কোনো বাধা নেই। দলের এক নম্বর গোলরক্ষককে পেলে স্বভাবতই একটু বেশি আত্মবিশ্বাসী থাকবে অ্যাটলেটিকো। চ্যাম্পিয়নস লিগে টিকে থাকা চার দলের মধ্যে একমাত্র তারাই এখনো অপরাজিত।
মরিনহোর চেলসি কি পারবে তাদের থামাতে? ওয়েবসাইট।