সেমিতেই মুখোমুখি দুই বোন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২,৩ নাকি ২৩?
এ প্রশ্ন নিয়েই কাল শুরু হচ্ছে ইউএস ওপেন। সদ্য অলিম্পিক সোনাজয়ী অ্যান্ডি মারে নামবেন নিজের দ্বিতীয় ইউএস ওপেন জয়ের আশায়। তবে ইউএস ওপেনে তৃতীয় শিরোপার খোঁজে আসা নোভাক জোকোভিচ তাঁকে সে সুযোগ দেবেন কি না সেটাই প্রশ্ন। শুক্রবারের ড্র অনুযায়ী এ দুজনের অবশ্য ফাইনালের আগে দেখা হওয়ার সম্ভাবনা নেই।
বছরের শেষ গ্র্যান্ড স্লামে কৌতূহল শুধু এ দুজনকে ঘিরেই নয়; সেরেনা উইলিয়ামসও চুম্বক-আকর্ষণে টানবেন। কিছুদিন আগেই জিতেছেন উইম্বলডন, যে শিরোপা তাঁকে বসিয়েছে স্টেফি গ্রাফের পাশে। উন্মুক্ত যুগে ২২টি গ্র্যান্ড স্লাম জিতে রেকর্ড গড়া জার্মান কিংবদন্তিকে ধরে ফেলেছেন সেরেনা। ফ্লাশিং মিডোতে তাই শুরু হয়ে গেছে আলোচনা, ঘরের কোর্টেই কি স্টেফিকে ছাড়িয়ে ২৩তম গ্র্যান্ড স্লাম জিততে পারবেন সেরেনা?
ওদিকে ছেলেদের এককের সেমিফাইনালেই মুখোমুখি হতে পারেন নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল। অনেক দিন ধরে চোটের সঙ্গে লড়াই করলেও ১৪টি গ্র্যান্ড স্লামজয়ী নাদাল কিন্তু ফেরার ইঙ্গিত দিয়েছেন রিওতে। এককে পদক হাতছাড়া করলেও দ্বৈতে সোনা জিতেছেন। আশা নিয়েই যাচ্ছেন নাদাল, ‘এটা সত্যি অ্যান্ডি ও নোভাক আমাদের চেয়ে এগিয়ে আছে অনেক। কিন্তু আমি আর রজারও এত দিন চোটাক্রান্ত ছিলাম। দেখাই যাক!’ চোটের কারণে রজার ফেদেরার নেই, সেমিতে মারের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ফেদেরারের স্বদেশি স্তান ভাভরিঙ্কা।
মেয়েদের এককে সেরেনার বাধা হয়ে দাঁড়াতে পারেন অ্যাঞ্জেলিক কারবার। দ্বিতীয় বাছাই কারবার অস্ট্রেলিয়ান ওপেনে সেরেনাকে হারিয়েই জিতেছিলেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম। সেরেনাও শোধ নিয়েছেন উইম্বলডনে কারবারকে হারিয়ে। তবে এ দুজনের পথে কাঁটা হয়ে উঠতে পারেন গারবিনিয়ে মুগুরুজা। তবে পথটি কঠিন এই স্প্যানিশ তারকার, তৃতীয় রাউন্ডেই তাঁর সম্ভাব্য প্রতিপক্ষ অলিম্পিক সোনাজয়ী মনিকা পুচ, সেমিফাইনালে কারবার। সেমিফাইনালে সেরেনার সম্ভাব্য প্রতিপক্ষ তাঁর বোন ভেনাস উইলিয়ামস। এএফপি।