সেমিনারে ফুটবলার রেফারি ‘সেতুবন্ধ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বন্দ্বটা চিরন্তন। ফুটবলার বনাম রেফারি। মাঠে ফুটবলার-রেফারি অনেক সময়ই প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়। বাংলাদেশে তো আরও বেশি। একসময় বাংলাদেশে কথায় কথায় রেফারিকে লাঞ্ছিত করতেন ফুটবলাররা। সেই ধারা অনেকটা বদলালেও এখনো ফুটবলাররা অনেক সময় রেফারিকে প্রাপ্য সম্মান দেন না। রেফারির সিদ্ধান্ত নিয়ে হইচই করেন। গোলমাল বাধান। আবার রেফারিরা কখনো কখনো অকারণে কঠোর মনোভাব দেখান। দুই পক্ষের এই দূরত্ব ঘোচাতে এবার উদ্যোগ নিল বাফুফে। বাফুফের রেফারিজ কমিটির উদ্যোগে কাল হয়ে গেল ফুটলার-রেফারি সেমিনার। অংশ নিয়েছেন জাতীয় দলের ক্যাম্পে থাকা ৭০ জনেরও বেশি ফুটবলার। সেমিনারে বাফুফের রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান মনিরুল ইসলাম বড় পর্দায় রেফারিদের কিছু সিদ্ধান্ত পর্যালোচনা করেন। বাংলাদেশে অনেক সময় অফসাইড, লাল কার্ড নিয়ে বিতর্ক হয়। অফসাইড কীভাবে হয়, আইন কী বলে? কার্ডের ব্যবহারই বা কখন হয়—এসব আইনসহ প্রাসঙ্গিক অন্যসব বিষয়েও ফুটবলারদের ধারণা দিতে এ আয়োজন। বাংলাদেশের ফুটবলে ফাউল নিয়েও অনেক সময় সমস্যা হয়। একজন রেফারি যে অপরাধে লাল কার্ড দেখালেন, আরেক রেফারি হয়তো সেই অপরাধ এড়িয়েই যান। ধারাবাহিকতার অভাব আছে রেফারিদের মধ্যে। আবার অনেক সময় মাঠে ভালো খেলোয়াড়দের নিরাপত্তা দিতে ব্যর্থ হন রেফারিরা। ফিফা পরিষ্কারই দিকনির্দেশনা দিয়েছে, মাঠে ভালো খেলোয়াড়দের নিরাপত্তা দেওয়া রেফারির দায়িত্ব। ছোট দলের কাছে বড় দল হারছে—এমন পরিস্থিতিতে বাংলাদেশের ফুটবলাররা বারবার ইচ্ছা করে মাঠে পড়ে যান। এটা সময় নষ্ট করার কৌশল। এই পরিস্থিতিতে রেফারিদের করণীয় কী? খেলোয়াড়দের পক্ষ থেকে সুজন, ওয়ালী ফয়সাল এসব নিয়ে জানতে চেয়েছেন সেমিনারে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, এই অহেতুক সময় নষ্ট করার কৌশল কঠোর হাতে দমন করতে হবে রেফারিদের। প্রয়োজনে আরও কঠোর হয়ে কার্ড ব্যবহার করতে হবে। রেফারিরা বলেছেন, বিষয়টি তাঁরা দেখবেন।বাফুফের রেফারিজ কমিটির প্রধান বাদল রায়ের ভাষায়, ‘দুই পক্ষের মধ্যে যেসব সমস্যা আছে তা দূর করে একটা সুন্দর পরিবেশ তৈরিই আমাদের লক্ষ্য।’ উদ্যোগটিকে ‘খুব ভালো’ বলেছেন বাফুফের সাবেক সহসভাপতি শওকত আলী খান জাহাঙ্গীর। ফুটবলাররাও এর প্রশংসা করেছেন। ঘণ্টা তিনেকের সেমিনার থেকে অনেক কিছু জানতে পেরেছেন তাঁরা। মিডফিল্ডার প্রাণতোষ অবশ্য আত্মসমালোচনাই বেশি করছেন, ‘রেফারি ফেয়ার সিদ্ধান্ত দিলেও অনেক সময় খেলোয়াড়েরা মানতে চান না। এটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। এসব যাতে আর না হয় তার জন্য এ সেমিনারটা খুব কাজে লাগবে।’