সেমিফাইনাল অভিযাত্রায় উচ্ছ্বসিত স্প্যানিশ মিডিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের শুরুটা খুব একটা সুবিধার হয়নি, অন্যতম ফেবারিট স্পেনের। প্রথম ম্যাচেই ‘আন্ডারডগ’ সুইজারল্যান্ডের কাছে ১-০ গোলের হার মুষড়ে দিয়েছিল প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে থাকা স্প্যানিশদের। এরপর অবশ্য আর পেছন ফিরে তাকাতে হয়নি স্পেনকে। একের পর এক জয় পেয়ে তারা এখন শেষ চারে ফাইনালের লড়াইয়ে। এরই মধ্যে দলটি সুন্দর ফুটবল খেলে ফুটবলামোদীদেরও মন জয় করে ফেলেছে। ‘লা রোজারা’ এখন বিশ্বকাপ জয় করে দেশকে উত্সবে রঙিন করে দিতে সত্যি সত্যিই প্রস্তুত।বিশ্ব ফুটবলের ঐতিহ্যবাহী শক্তি স্পেনের বিশ্বকাপ যাত্রা কেন যেন কখনই মধুর হয়নি। এত বড় শক্তি কখনই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের বৈতরণী পেরোতে পারেনি। ব্যাপারটি একটু অদ্ভুতই। এবারের বিশ্বকাপে ইতিহাসের বাধা পেরিয়ে সেমিফাইনালে উঠে স্বভাবতই দারুণ উচ্ছ্বসিত স্প্যানিশরা। ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার মওকা বোধহয় এবার পাওয়া গেছে। সুযোগ এসেছে ফুটবলের চিরকালীন এক হাহাকারের সমাপ্তি ঘোষণার।একটি দেশের জনমত প্রতিফলিত হয় সে দেশের গণমাধ্যমে। গত দুই দিনে স্পেনের গণমাধ্যমও সমানভাবে উচ্ছ্বসিত দেশটির জাতীয় দলের বিশ্বকাপ সাফল্যে। তারা নানা ভাষায়, নানা বিশেষণে, বর্ণনায় রাঙিয়ে তুলেছে, স্পেনের সেমিফাইনাল অভিযাত্রাকে।ক্রীড়াবিষয়ক পত্রিকা ‘এএসের’ শিরোনাম ছিল, ‘রক্ত-ঘাম ঝরানো বিজয়’। প্রতিবেদনে লেখা হয়েছে, ‘খুবই শক্ত প্রতিপক্ষ ছিল প্যারাগুয়ে। স্পেনকে রীতিমতো ঘাম ঝরিয়ে জিততে হয়েছে।’বারবার কোয়ার্টার ফাইনালে এসেই আটকে যাওয়া স্পেন এবারই প্রথম পৌঁছাল সেমিফাইনালে। তাই ক্রীড়াবিষয়ক দৈনিক ‘মারসা’ শিরোনাম করেছে, ‘অভিশাপ ঘুঁচল স্পেনের’।স্পেনের একটি প্রধান দৈনিক ‘এল পাইস’-এর শিরোনাম ছিল, ‘গৌরবের পথে আরও একধাপ স্পেনের।’স্পেনের জয় আর ডেভিড ভিয়ার গোল যেন হয়ে উঠেছে সমার্থক। স্পেনের প্রতিটি জয়েই আছে ভিয়ার গোল। ভিয়ার উচ্ছ্বসিত প্রশংসা করেছে দৈনিক ‘এল মুন্ডো’। শিরোনাম ছিল, ‘ইতিহাস গড়লেন ভিয়া’।সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে স্পেনের হারের পর অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে স্পেনের তারকা গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে। স্প্যানিশ অধিনায়কের ছোট্ট একটা ভুলের কারণেই গোল হজম করে পরাজয় বরণ করতে হয়েছিল ‘লা রোজাদের’। তবে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ভিয়ার পাশাপাশি স্পেনের জয়ের নায়ক ক্যাসিয়াসও। একটি পেনাল্টি আর শেষ মুহূর্তে নিশ্চিত একটি গোল অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে ক্যাসিয়াস ঠিকই বুঝিয়ে দিয়েছেন, কেন তাঁকে এ সময়ের সেরা গোলরক্ষক বলা হয়। আর ক্যাসিয়াসের এই অবদান বেশ ভালোমতোই স্বীকার করেছে স্প্যানিশ মিডিয়া। এল মুন্ডো পত্রিকা লিখেছে, স্পেনের সেমিফাইনালের স্বপ্ন সফল করার অন্যতম কারিগর ইকার ক্যাসিয়াস।