সেমিফাইনাল খেলবে ভারত, দ. আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র ৩৫ দিন পরেই শুরু হবে ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। ক্রিকেট দুনিয়ার শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য মাঠের লড়াইয়ের আগে বরাবরের মতো এবারও নিশ্চয়ই খুব উপভোগ্য হবে কথার লড়াইটা। বিশ্বকাপের ফেভারিট গণনা, সম্ভাব্যতা যাচাই ইত্যাদি নিয়ে নিশ্চয়ই আর কিছুদিনের মধ্যেই সরব হয়ে উঠবেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। সেই কথার লড়াইয়ের একেবারে শুরুর দিকে নাম লেখালেন ইংল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়ক পল কলিংউড। এবারের বিশ্বকাপের সেমিফাইনালে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড অংশ নেবে বলে অনুমান করছেন ইংল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটসম্যান।আইসিসির সঙ্গে একটা বিশেষ সাক্ষাত্কারে কলিংউড বলেছেন, ‘ইংল্যান্ড এখন যে রকম ফর্মে আছে, তাতে আমি অনায়াসেই আশা করতে পারি, তারা সেমিফাইনালে খেলবে। আর ভারতকে ফেভারিটের তালিকা থেকে বাদ দেওয়াটা খুব কঠিন। উপমহাদেশের কন্ডিশনে তারা সব সময়ই খুব শক্ত প্রতিপক্ষ।’ সম্প্রতি টানা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অবস্থা ভয়াবহ রকমের খারাপ হলেও কলিংউড তাদেরকেও হিসেবের বাইরে রাখছেন না। তাঁর মতে, ‘বিশ্বকাপে আসরে তাদের একটা ভালো ইতিহাস আছে, যে কারণে তাদেরকে খুব সহজেই বাদ দেওয়া যায় না। আর সব শেষে চতুর্থ সেমিফাইনালিস্ট হিসেবে আমি বলব দক্ষিণ আফ্রিকার কথা। তবে শেষ পর্যন্ত কী হবে সেটা তো আমরা কেউই জানি না!’কলিংউডের নেতৃত্বে গত বছরই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতেছে ইংল্যান্ড। এবার ক্রিকেটের বড় সংস্করণটির বিশ্বকাপ জয়ের স্বাদটাও নিতে চান কলিংউড। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের ইংল্যান্ডের সাফল্যটা একটা বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করেন তিনি। বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজটিতে ভালো খেলে আরো আত্মবিশ্বাস সঞ্চয় করতে চান কলিংউড। টাইমস নিউজ নেটওয়ার্ক।