সেমিফাইনালের আগে বড় ধাক্কা খেল প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। হ্যামস্ট্রিংয়ে চোট ছিটকে ফেলেছে দলটির মূল গোলরক্ষক কেইলর নাভাসকে। গত রাতে প্যারিসের ক্লাবটি জানিয়েছে বৃহস্পতিবারের আগে মাঠের ফেরার কোনো সম্ভাবনা নেই কোস্টারিকান গোলরক্ষকের।
সেমিফাইনালের আগে বড় ধাক্কা খেল প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। হ্যামস্ট্রিংয়ে চোট ছিটকে ফেলেছে দলটির মূল গোলরক্ষক কেইলর নাভাসকে। গত রাতে প্যারিসের ক্লাবটি জানিয়েছে বৃহস্পতিবারের আগে মাঠের ফেরার কোনো সম্ভাবনা নেই কোস্টারিকান গোলরক্ষকের। যার অর্থ আগামীকাল রেড বুল লাইপজিগের বিপক্ষে সেমিফাইনালে নামা হচ্ছে না নাভাসের। তাঁর বদলি হিসেবে খেলবেন স্প্যানিশ গোলরক্ষক সের্জিও রিকো।
কোয়ার্টার ফাইনালে আতালান্তার বিপক্ষে শেষ মুহূর্তের ২ গোলে জিতে সেমিফাইনালে উঠেছে নেইমার-এমবাপ্পের পিএসজি। ওই ম্যাচে দারুণ তিনটি সেভ করেছিলেন নাভাস। তবে গোলবারের নিচে দাঁড়িয়ে দলের জয় দেখে যেতে পারেননি, চোটে পড়ে ৮০ মিনিটে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। পরে স্ক্যান রিপোর্টে দেখা যায় নাভাসের ডান হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে। পিএসজির মেডিকেল স্টাফদের পর্যবেক্ষণে থাকা নাভাস এরপর থেকেই অনুপস্থিত অনুশীলনে।
নাভাসের বিকল্প ২৬ বছর বয়সী রিকো এই মৌসুমে ম্যাচ খেলেছেন মাত্র ৯টি। লা লিগা ক্লাব সেভিয়া থেকে ধারে এ মৌসুমেই প্যারিসে এসেছেন রিকো। এর আগে ইংলিশ ক্লাব ফুলহামেও ধারে খেলেছেন এই স্প্যানিশ।
টমাস টুখেলের দলতে ভাবতে আরও কয়েকজনের চোট নিয়েও। মিডফিল্ডার ইদ্রিসা গেয়ে রোববার অনুশীলন করতে পারেননি। মাংসপেশির চোটে পড়েছেন এই সেনেগালিজ। পিএসজি জানিয়েছে আগামীকালের সেমিফাইনালে ৩০ বছর বয়সী মিডফিল্ডারের খেলার সম্ভাবনা খুব কম।
আতালান্তা ম্যাচে হালকা চোটে পেয়েছিলেন অধিনায়ক থিয়াগো সিলভাও। তবে ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে নিয়ে কাল অনুশীলনে ফিরেছেন। আগামীকাল তাঁর খেলা নিয়ে কোনো সংশয় নেই।
চোটের কারণে আতালান্তার বিপক্ষে না খেলা মিডফিল্ডার মার্কো ভেরাত্তিও ফিরেছেন অনুশীলনে। পিএসজি আশা করছে আগামীকাল মাঠে নামতে পারবেন এই ইতালিয়ান। অনুশীলনে ফিরেছেন ঊরুর চোটে ভোগা লেফট ব্যাক লেভিন কুরজাওয়াও।
গত বুধবার ইতালিয়ান ক্লাব আতালান্তাকে ২-১ গোলে হারিয়ে ২৫ বছর পর সেমিফাইনালে উঠেছে পিএসজি। ৮৮ মিনিট পর্যন্ত ০-১ গোলে পিছিয়ে থাকা দলটি ম্যাচ জিতে যায় মারিকিনিওস ও এরিক ম্যাক্সিম চুপো-মোতিংয়ের দুই গোলে।
পিএসজির সামনে এখন প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ওঠার হাতছানি। আগামী কাল বাংলাদেশ সময় রাত ১টায় সেই স্বপ্নে পূরণে দলটির বাঁধা প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠা জার্মান ক্লাব রেড বুল লাইপজিগ।