সেমিফাইনাল খেলা হলো না বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব হকি লিগ
বিশ্ব হকি লিগ

বিশ্ব হকি লিগের (রাউন্ড-২) সেমিফাইনালে খেলা হলো না বাংলাদেশের। আজ সিঙ্গাপুরে ওমানের বিপক্ষে টাইব্রেকারে ২-০ গোলের হারই শেষ করে দিয়েছে বাংলাদেশের শেষ চারের স্বপ্ন।
দারুণ উত্তেজনাপূর্ণ খেলাটি নির্ধারিত সময়ে অমীমাংসিত ছিল ৩-৩ গোলে। একটা পর্যায়ে এই ম্যাচে বাংলাদেশ এগিয়ে ছিল ৩-২ গোলেও। কিন্তু শেষ ১০ মিনিটে ১০ জন নিয়ে খেলা বাংলাদেশের জয়ের আশা ধূলিসাৎ করে ৫৭ মিনিটে গোল করে খেলাটি টাইব্রেকারে নিয়ে যায় ওমান।
টাইব্রেকারে চারটি করে প্রচেষ্টা ছিল দুদলেরই। এর মধ্যে দুটি প্রচেষ্টা গোলে পরিণত করে ম্যাচটা নিজেদের করে নেয় ওমান। বাংলাদেশের রাসেল মাহমুদ জিমি, জুবায়ের হাসান, রোমান সরকার ও সারোয়ার হোসেনের চারটি প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়।
প্রায় সমশক্তির ওমানের বিপক্ষে দেশের মাটিতে দারুণ রেকর্ড বাংলাদেশের। বিদেশের মাটিতে খেলা হলেই কেন যেন দুঃস্বপ্ন ভর করে এই ম্যাচে। আজকের ম্যাচের আগে বিদেশের মাটিতে হওয়া দুটো ম্যাচের একটিতেও জেতেনি বাংলাদেশ। আজকের ম্যাচে জয়ের প্রত্যয় থাকলেও মাঠের লড়াইয়ে হারই সঙ্গী হলো জিমি-কৃষ্ণদের। অথচ খেলার শুরুতেই কিন্তু সেতুল ফরহাদের পেনাল্টি কর্নারের গোলে ১-০ গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বাদশ মিনিটে পেনাল্টি কর্নার থেকেই গোলটি শোধ করে দেন ওমানের জান্দাল মোহাম্মেদ। ২৮ মিনিটে বাংলাদেশকে হতাশায় ভাসিয়ে ওমানকে ২-১ গোলে এগিয়ে দেন সাদ জুম্মন আনোয়ার। ৩০ মিনিটে পুষ্কর খীসা আবারও পেনাল্টি কর্নারে গোলটি শোধ করেন। ৪৯ মিনিটে জুবায়ের হোসেনের ফিল্ড গোল বাংলাদেশকে ৩-২ গোলে এগিয়ে দিলেও শেষ রক্ষা হয়নি। নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে ৩-৩ গোলে সমতায় ফিরিয়ে খেলাটি টাইব্রেকারে নিয়ে যান ওমানের আল হাসানি মুহান্না।
টাইব্রেকারে ওমানের পক্ষে দুটি গোল করেন আল শাইবি খালিদ ও আল হাসানি মুহান্না। ম্যাচের শেষ কোয়ার্টারের ৪৯ মিনিটে জুবায়ের হোসেন ৫২ মিনিটে সারোয়ার হোসেনের দুটি হলুদ কার্ডই ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশকে। এর আগে ৪৪ মিনিটে হলুদ কার্ড দেখেন সেতুল ফরহাদ।