সেমিফাইনাল নিয়েই যত কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী দ্রুতই না অতীত হয়ে গেল কোয়ার্টার ফাইনালটা! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের ১০ উইকেটের জয়টা যেন অবধারিতই ছিল! ম্যাচ শেষের সংবাদ সম্মেলন তো না, ওয়াকার ইউনুসের ‘পোস্ট ম্যাচ ব্রিফিং’ যেন হয়ে উঠল ভারত-পাকিস্তান সেমিফাইনালের আগের সংবাদ সম্মেলন!ভারত আজ অস্ট্রেলিয়াকে হারাবে কি না তার ঠিক নেই, কাল পাকিস্তান কোচের সংবাদ সম্মেলনের চতুর্থ প্রশ্নটাই হলো, ‘সেমিফাইনালে ভারতকে পেলে কী হবে?’ প্রত্যাশিত উত্তর, ‘সামনে কে আসছে ভাবছি না। আমাদের ভালো খেলতে হবে। নিজেদের কাজটা ঠিকঠাকভাবে করতে হবে। সেটাই গুরুত্বপূর্ণ। এখনো ৬-৭ দিন আছে। সেমিফাইনালে কে আসছে দেখে স্ট্র্যাটেজি ঠিক করে নেব।’কক্ষভর্তি ভারত-পাকিস্তানের সংবাদকর্মীরা এত সাদামাটা কথায় খুশি হবেন কেন? তাঁদের আরও চাই। ভারতের বিপক্ষে খেলাটা চাপ কি না, ভারতে খেলা বলে কোনো সমস্যা নেই তো, এখানে গ্যালারি কাঁপানো সমর্থন পেলেন, ভারতে কী হবে—প্রশ্ন শেষই হতে চায় না। ভারতের এক টিভি সাংবাদিক প্রশ্নের মধ্যেই উত্তর জুতসই ঢুকিয়ে দিতে চাইলেন ওয়াকারের জন্য, ‘আপনি নিশ্চয়ই বলবেন, আপনি ভারতকে চ্যালেঞ্জ জানাতে চান।’ ওয়াকার ‘হ্যাঁ’ বললে সম্ভাব্য ভারত-পাকিস্তান ক্রিকেট-যুদ্ধের উত্তাপটা বাড়ত। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচের রোমাঞ্চ যার শিরায় শিরায়, তিনি এই ফাঁদে পা দেবেন কেন? একসময়ের দুনিয়া কাঁপানো ফাস্ট বোলার এখানেও দারুণ কৌশলী, ‘আপ তো মেরে মুখ মে লবস ডাল রাহা হে’ (আপনি তো আমার মুখে কথা বসিয়ে দিচ্ছেন) বলে প্রশ্নটাকে চাপা দিয়ে দিলেন হাসির রোলে।পাক-ভারত শীতল সম্পর্কে অতীতে অনেকবারই উষ্ণতা ছড়িয়েছে ক্রিকেট। ভারতে পাকিস্তানের বিশ্বকাপ সেমিফাইনাল খেলতে যাওয়াটা সে রকম উপলক্ষ হবে কি না কে জানে, তবে কাজটা একটু এগিয়ে দিলেন ওয়াকার, ‘কার সঙ্গে খেললে ভালো হয় সে রকম কোনো অগ্রাধিকার নেই। তবে ভারতে যাচ্ছি বলে আমরা খুশি। ক্রিকেটে পাকিস্তান-ভারত ম্যাচের চেয়ে বড় কিছু নেই। কিন্তু আমার কাছে মনে হয় ভারত, পাকিস্তানের মতো ক্রিকেটপ্রেমী মানুষ অস্ট্রেলিয়া-ইংল্যান্ডেও নেই।’ভারত সেমিফাইনালে উঠলে আক্ষরিক অর্থেই সমর্থক-সংকটে পড়ে যাবে পাকিস্তান। তবে ২৬২ ওয়ানডের ক্যারিয়ারে ২৬টি পাক-ভারত ম্যাচ খেলেছেন সেই ওয়াকারের কাছে এই যুদ্ধ নতুন নয়। সেমিফাইনালের প্রতিপক্ষ ভারত হলে পরিস্থিতি কী দাঁড়াবে, সেটা বুঝেও বললেন, ‘বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো সমর্থন হয়তো পাব না, তবে আশা করছি, লাহোর থেকে অনেকেই মোহালিতে খেলা দেখতে আসবে। ভারতের বিপক্ষে ম্যাচ পড়লেও কিছু সমর্থন আমরাও পাব।’সম্ভাব্য ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনায় কালকের ম্যাচটা হারিয়ে যেতে যেতেও যায়নি বোধ হয় এদিনই পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস ছিল বলে। অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের প্রশংসা, বোলারদের পিঠ চাপড়ানো আর পুরো টুর্নামেন্টেই আশানুরূপ ব্যাটিং না হওয়ার হতাশার মধ্যে জাতিকে প্রজাতন্ত্র দিবসের উপহার দিতে পারার কথাটাই বেশি জোর দিয়ে বললেন কোচ, ‘দেশের মানুষের এই ম্যাচ নিয়ে অনেক প্রত্যাশা ছিল। তাদের জন্য এই জয়কে পাকিস্তান দিবসের উপহার বলতে পারেন। শুনেছি আজ (গতকাল) দেশে কোনো লোডশেডিং হয়নি।’ ওয়াকার যে চাপের কথা বললেন, সে রকম এক চাপে ভেঙে পড়েই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। অথচ পাকিস্তান কোচ বললেন, ‘সবাই বলছে আমরা ভালো দল, ফেবারিট। এটা এক ধরনের চাপও। তবে আমার মনে হয়, এই চাপই আমাদের সেরাটা বের করে এনেছে।’বিশ্বকাপ এবার পাকিস্তানের জন্য কষ্টেরও। নিরাপত্তা-সংকটের অভিযোগে বিশ্বকাপের আয়োজক দেশের তালিকা থেকে কাটা পড়ে পাকিস্তানের নাম। এর পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে তারা নির্বাসিত। বিশ্বকাপে ভালো কিছু করতে পারলে আবার দেশে ক্রিকেট ফিরবে, এমন আশা ওয়াকারের, ‘এটা খুবই দুঃখজনক, পাকিস্তানে এখন আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে না। বিশ্বকাপে ভালো খেলে সারা বিশ্বকে আবার জানাতে হবে যে আমরা ক্রিকেট জাতি।’ওয়েস্ট ইন্ডিজের বেলায় ব্যাপারটা উল্টোই হয়ে যাচ্ছে বোধহয়। কোয়ার্টার ফাইনালে উঠলেও পাকিস্তানের কাছে কাল এমন নাকানিচুবানি খেল যে, দলে পরিবর্তনের প্রশ্নই উঠে গেল সংবাদ সম্মেলনে। হতাশায় ন্যুব্জ অধিনায়ক ড্যারেন স্যামি ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে না এসে ভালো করেছেন। সংবাদ সম্মেলনে করা প্রশ্ন আর কোচ ওটিস গিবসনের উত্তরে বিব্রতই হতেন বেশি। দলে অভিজ্ঞ-তরুণ সবারই দরকার আছে বললেও সিনিয়র খেলোয়াড়দের প্রতি অসন্তুষ্টির কথা লুকাননি কোচ, ‘সিনিয়রদের ওপরই আমাদের পারফরম্যান্স নির্ভর করলেও তারা ভালো করেনি।’