সেমিফাইনাল সম্ভব, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখনো শেষ হয়ে যায়নি সম্ভাবনা। ছবি: শামসুল হক
এখনো শেষ হয়ে যায়নি সম্ভাবনা। ছবি: শামসুল হক

এত সমীকরণ মাথায় রাখার কোনো প্রয়োজনই ছিল না, যদি কাল ভারতকে বাংলাদেশ হারাতে পারত। কাল জিতলে শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ই বাংলাদেশকে তুলে দিত সেমিফাইনালে। কিন্তু খেলা শেষ হওয়ার মুহূর্ত খানেক আগে রেফারির বিতর্কিত বাঁশি আর ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীর ফ্রি-কিক বাংলাদেশকে ফেলে দিয়েছে নানারকম যোগ-বিয়োগ আর কঠিন সব হিসাব-নিকাশের মধ্যে।
কাল কাঠমান্ডু আর্মি গ্রাউন্ডে বাংলাদেশ-ভারত ম্যাচ শেষ হওয়ার পর কিছু দূরেই দশরথ স্টেডিয়ামে হয়েছে আরেক নাটক। নেপাল-পাকিস্তান ম্যাচে খেলার শুরুতেই গোল করে এগিয়ে গিয়েছিল পাকিস্তান। খেলার সময় যতই শেষের দিকে গড়াচ্ছিল বাংলাদেশের সামনে সম্ভাবনার দিগন্ত খুলে যাচ্ছিল ততটাই। কাল নেপাল যদি হেরে যেত তাহলে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় আর ভারতের কাছে নেপালের হারই বাংলাদেশকে তুলে দিত সেমিফাইনালে। কিন্তু ম্যাচের ইনজুরি সময়ে নেপাল গোলটি শোধ করে দিলে বাংলাদেশ পড়ে যায় অনিশ্চয়তার মধ্যেই। তবে স্বস্তির বিষয়, সেমির সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি বাংলাদেশের। সবকিছু ঠিক রাখতে এখন শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। অন্যের ওপর নির্ভরতা যেহেতু আছে তাই পাকিস্তানের বিপক্ষে একাধিক গোলে জিতলে নিজেদের কাজটা অনেকখানিই এগিয়ে রাখতে পারবে বাংলাদেশ।

গ্রুপের শেষ দিন আগামীকাল। বাংলাদেশ খেলবে পাকিস্তান আর ভারত খেলবে নেপালের বিপক্ষে। গাণিতিক হিসাবে এই গ্রুপ থেকে সেমিফাইনালে খেলার সম্ভাবনা আছে চারটি দলেরই। নেপাল ও ভারত—দুই দলের পয়েন্ট ৪। গোল গড়ে নেপাল (+২) এগিয়ে আছে ভারতের (+১) চেয়ে। অন্যদিকে বাংলাদেশ এবং পাকিস্তান দুই দলের পয়েন্টই ১ হলেও গোল গড়ে এগিয়ে আছে পাকিস্তান (বাংলাদেশ -২, পাকিস্তান -১)। সেমিতে যেতে হলে পাকিস্তানকে একাধিক গোলে হারানোর বিকল্প নেই বাংলাদেশের সামনে। সমস্যা আরও আছে। নোপাল-ভারত ম্যাচ ড্র হলে পাকিস্তানের বিপক্ষে জিতলেও হবে না। নেপাল ভারতকে ১-০ গোলে হারালে বাংলাদেশকে অবশ্যই পাকিস্তানের বিপক্ষে জিততে হবে ২ গোলের ব্যবধানে। আবার ভারত যদি ১-০ গোলে নেপালকে হারায় তাহলে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে জিততে হবে ৩ গোলের ব্যবধানে।