সেমিফাইনালটি নিয়ে আইসিসির সন্দেহ নেই
পাতানো ছিল গত বিশ্বকাপ ক্রিকেটের ভারত-পাকিস্তান সেমিফাইনালটি! এমন খবর দিয়ে শোরগোল ফেলে দিয়েছিল সানডে টাইমস। ইংলিশ পত্রিকাটিকে ধন্যবাদ দিয়ে আইসিসি ঘোষণা দিয়েছিল তদন্তের—এমন খবরও পাওয়া গিয়েছিল। কিন্তু দুদিন যেতে না যেতেই ১৮০ ডিগ্রি ঘুরে গেল আইসিসির অবস্থান। ওই ম্যাচ নিয়ে তদন্তের খবরটিকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছেন খোদ হারুন লরগাত।রোববার সানডে টাইমস ক্রিকেটে ম্যাচ পাতানো নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন ছাপে। সেখানেই ভারতের এক বাজিকর ভিকি শেঠকে উদ্ধৃত করে বলা হয়, গত বিশ্বকাপের সেমিফাইনালটি পাতানো ছিল। কিন্তু আইসিসির প্রধান নির্বাহী লরগাত বলেছেন এমন, ‘আইসিসির কাছে এমন কোনো কারণ বা প্রমাণ নেই, যার ভিত্তিতে ওই ম্যাচটিকে নিয়ে তদন্ত করা যেতে পারে। এ ধরনের মিথ্যা দাবি (আইসিসি তদন্ত করছে বলে যে খবর) করাটা অবশ্যই দুঃখজনক, এটা শুধু একটা সফল বিশ্বকাপের সেমিফাইনাল ঘিরে সন্দেহ বাড়াবে।’টাইমস-এর ওই খবরের প্রতিবাদ করেছে নিউজিল্যান্ড ক্রিকেটও (এনজেডসি)। আরেকজন বাজিকর দাবি করেছিলেন নিউজিল্যান্ডের কিছু ক্রিকেটার তাঁকে ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়েছিলেন। এনজেডসির প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট নিজেদের ক্রিকেটারদের নির্দোষ দাবি করে বলেছেন, ‘দাবিটা ভিত্তিহীন।’ অন্যদিকে ম্যাচ পাতানো কেলেঙ্কারির শিকার পাকিস্তান বলেছে, নতুন করে ওঠা ‘ফিক্সিং’-এর খবরটা নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। ওয়েবসাইট।