সেমিফাইনালে অসম লড়াই
ইকুয়েটরিয়াল গিনির এস্তাদিও ডি বাটা স্টেডিয়ামে নামবে জাম্বিয়াও। তবে সব আলো ঘিরে থাকবে ঘানাকে। ইতিহাস, পরিসংখ্যান, দলীয় শক্তি বিবেচনায় জাম্বিয়ার তুলনায় ঘানা যোজন যোজন এগিয়ে। অন্য সেমিফাইনালকে ঘিরেও আবহটা একই। গ্যাবনের লিব্রেভিল স্টেডিয়ামে যে ম্যাচে আইভরি কোস্টের প্রতিপক্ষ মালি। দ্রগবা-তোরেদের আইভরি কোস্ট পরিষ্কার ফেবারিট। মালির কোচ, সাবেক ফরাসি মিডফিল্ডার অ্যালেইন জিরেস তো প্রতিপক্ষকে আখ্যায়িত করেছেন ‘আফ্রিকার ব্রাজিল’ বলে। তার মানে এই নয় যে মাঠে নামার আগেই হার মেনে নিয়েছে জাম্বিয়া-মালি। বরং প্রতিপক্ষের ওপর চাপ বাড়ানোর একটা কৌশলও হতে পারে এটা। দুবার ফাইনালে খেলা জাম্বিয়ার কোচ হার্ভ রেনার্ডের দৃষ্টি যেমন সেমিফাইনাল-ফাইনাল পেরিয়ে শিরোপায়, ‘লিব্রেভিলেতে আমরা ট্রফিটা উঁচিয়ে ধরতে পারলে সেটা হবে দারুণ ব্যাপার।’ ২০০৮ সালে সেমিফাইনালিস্ট ঘানা দলের সহকারী কোচ ছিলেন রেনার্ড। ঘানার সামর্থ্য খুব ভালো করেই জানা আছে বলে প্রতিপক্ষকে সমীহ করেই নামছেন অসম লড়াইয়ে।প্রতিপক্ষ আইভরি কোস্টের প্রতিও জিরেসের একই রকম শ্রদ্ধা। ২১ বারের সাক্ষাতে ১৪টিতেই জিতেছে আইভরি কোস্ট, ১৯৭২ সালের ফাইনালিস্ট মালি জিতেছে মাত্র একবার। সেটাও প্রীতি ম্যাচে। আইভরি কোস্টের সবচেয়ে বড় তারকা দ্রগবা তার পরও সতর্ক, ‘২০০৮ সালে আমরা দারুণ খেলেও ফাইনালে যেতে পারিনি। ২০০৬ সালে ফাইনালে উঠেও হেরে যাই। এবার আমরা চরিত্রের দৃঢ়তাটা দেখাতে চাই।’ এএফপি।