সেমিফাইনালে অ্যাটলেটিকোকেই পেল রিয়াল মাদ্রিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেমিফাইনাল নিশ্চিত করার পর তো এরকম উল্লাসেই মেতে ওঠার কথা ডিয়েগো কস্তাদের। ছবি: রয়টার্স
সেমিফাইনাল নিশ্চিত করার পর তো এরকম উল্লাসেই মেতে ওঠার কথা ডিয়েগো কস্তাদের। ছবি: রয়টার্স

গত মৌসুমের কোপা ডেল রেতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়েই ফাইনালে উঠেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু অন্তিম লড়াইয়ে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে শিরোপাটা ঘরে তুলতে পারেনি রিয়াল। এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগটা সেমিফাইনালেই পেয়ে যাচ্ছে লস ব্লাঙ্কোসরা। গতকাল অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে অ্যাটলেটিকো। এখন ফাইনালে যাওয়ার লড়াইয়ে আবারও মুখোমুখি হতে হবে রিয়াল আর অ্যাটলেটিকো মাদ্রিদকে।
অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে প্রথম লেগে ১-০ গোলে জিতেই সেমিফাইনালে যাওয়ার কাজটা এগিয়ে রেখেছিলেন ডিয়েগো সিমিওনের শিষ্যরা। তবে গতকাল প্রতিপক্ষের মাঠে দ্বিতীয় লেগের খেলায় জয় পেতে বেশ ভালোই ঘাম ঝরাতে হয়েছে অ্যাটলেটিকোকে। প্রথমার্ধে পিছিয়েই পড়েছিল তারা। ৪২ মিনিটে অ্যাটলেটিকোর জালে বল জড়িয়েছিলেন অ্যাথলেটিক বিলবাওয়ের স্ট্রাইকার আর্তিজ আডুরিজ। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে খেলায় ফিরে আসে অ্যাটলেটিকো। ৫৫ মিনিটে ম্যাচের সমতাসূচক গোলটি করেছিলেন রাউল গার্সিয়া। আর ৮২ মিনিটে আরেকটি গোল করে দলের জয় নিশ্চিত করেন ডিয়েগো কস্তা।
লেভান্তের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৯-২ গোলের জয় দিয়ে কোপা ডেল রের সেমিফাইনালে উঠেছে শিরোপার অন্যতম প্রধান দাবিদার বার্সেলোনাও। ফাইনালে যাওয়ার লড়াইয়ে রিয়াল সোসিয়েদাদ বা রেসিং সান্তাদারের মুখোমুখি হতে হবে কাতালানদের।— রয়টার্স