সেমিফাইনালে আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যান্ডবল, পেনাল্টি ও সুয়ারেজ। শব্দ তিনটি মনে করিয়ে দেয় ২০১০ ফুটবল বিশ্বকাপের কথা। উরুগুয়ের লুইস সুয়ারেজ হাত দিয়ে গোললাইন সেভ করে লাল কার্ড দেখেছিলেন ঘানার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি ঘানার আসামোয়া জিয়ান।
কাকতালীয়, কাল স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনালে শেখ জামাল-আবাহনী ম্যাচে ঘুরেফিরে এল এই তিনটি শব্দ। ৫৭ মিনিটে আবাহনীর পর্তুগিজ ফরোয়ার্ড লিওনিলদো সুয়ারেজের ক্রস থেকে হেডে গোল করতে ব্যর্থ হন বক্সের মধ্যে দাঁড়ানো আউডু ইব্রাহিম। আচমকা রেফারি মিজানুর রহমান দেন পেনাল্টির সিদ্ধান্ত! পেনাল্টি থেকে গোল করলেন সুয়ারেজ।
এটা যে চূড়ান্ত রকমের বিতর্কিত সিদ্ধান্ত সেটা পরে আবাহনীর কোচ আলী আকবর পোরমুসলিমিও মানলেন, ‘পেনাল্টি দিলেও রেফারি কোনো লাল কার্ড দেখাননি। ফুটবলের কোন নিয়মে এটা সম্ভব আমি বুঝলাম না।’ ওই পেনাল্টি থেকে সুয়ারেজ ১-০ গোলে পিছিয়ে থাকা আবাহনীকে ফেরান সমতায়। এরপরই যেন জ্বলে ওঠে আবাহনী। ৬৭ মিনিটে শেখ জামালের দুই ডিফেন্ডারকে কাটিয়ে দর্শনীয়ভাবে প্লেস করে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ। লিগের প্রথম পর্ব শেষে সুয়ারেজ ঢাকায় এলেও আন্তর্জাতিক ছাড়পত্র দেরিতে পাওয়ায় কালই প্রথম মাঠে নামেন। অভিষেকেই জোড়া গোল করে পর্তুগালের দ্বিতীয় বিভাগে খেলা ফুটবলার ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন। এর আগে ৩৩ মিনিটে শেখ জামালের গোলটি করেন ওয়েডসন।
আবাহনীর এই জয়ে দুই সপ্তাহের ব্যবধানে আবারও সাজাল আবাহনী-মোহামেডান দ্বৈরথ। ৯ এপ্রিল সেমিফাইনালে মুখোমুখি হবে দেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। মৌসুমসূচক ফেডারেশন কাপের সেমিফাইনালে শেখ জামালের কাছে হেরেছিল আবাহনী। আর গত মৌসুমে তো কোনো টুর্নামেন্টেই শেষ চারে উঠতে পারেনি আবাহনী।