সেমিফাইনালে ইংল্যান্ড
চার চারটি ক্যাচ ধরেছেন নাথান ম্যাককালাম। তার পরও কালকের কার্ডিফকে ভুলে যেতে চাইবেন নিউজিল্যান্ডের এই ক্রিকেটার। ছেড়েছেন যে তিন তিনটি ক্যাচ। যার সবগুলোই আবার ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুকের। ১৪, ৩৭ ও ৪৫ রানে মাথায় জীবন পাওয়া কুক খেলেছেন ৪৭ বলে ৬৪ রানের এক বিস্ফোরক ইনিংস। আর ২৪ ওভারের ম্যাচে ১৬৯ রানে অলআউট হওয়া ইংল্যান্ড জিতেছে ১০ রানে। বাদ পড়ে যাওয়ার আশঙ্কায় পড়া দলটি ‘এ’ গ্রুপ থেকে সবার আগে নিশ্চিত করল সেমিফাইনাল। ২৪ ওভারে নিউজিল্যান্ড করেছে ৮ উইকেটে ১৫৯ রান। ইংল্যান্ডের দিনটা কিন্তু শুরু হয়েছিল একটা দুঃসংবাদ শুনেই। চোটের কারণে খেলতে পারছেন না গ্রায়েম সোয়ান। এরপর দিনভর ইংলিশদের শঙ্কায় রাখল কার্ডিফের আকাশ। টসটা ভালোভাবেই হয়েছিল, জাতীয় সংগীত গাওয়া-টাওয়াও হলো। ম্যাচ শুরু না হতেই বৃষ্টি। ম্যাচটা পরিত্যক্ত হলে বিদায় একরকম নিশ্চিতই হতো ইংল্যান্ডের, আর সেমিতে চলে যেত নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত বাংলাদেশ সময় রাত পৌনে নয়টায় যখন শুরু হলো ম্যাচ, নেমে এসেছে তা ২৪ ওভারে। ওয়েবসাইট।