সেমিফাইনালে ইতালি
আরও একবার টাইব্রেকারেই কপাল পুড়ল ইংল্যান্ডের। ১৯৯০, ১৯৯৮ ও ২০০৬ বিশ্বকাপ এবং ১৯৯৬ ও ২০০৪ ইউরো—গত ২২ বছরে পাঁচবার বড় টুর্নামেন্টে ইংলিশদের স্বপ্নভঙ্গ হয়েছে টাইব্রেকার বিভীষিকায়। কালও সেই টাইব্রেকারেই ইংল্যান্ডকে (৪-২) হারিয়ে সেমিফাইনালে পা রাখল ম্যাচ পাতানো বিতর্ক মাথায় নিয়ে ইউরোতে আসা ইতালি। টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় হলেও ইতালি কিন্তু জিতেছে যোগ্যতর দল হিসেবেই। ম্যাচের প্রথম দিকের কিছু সময় বাদ দিলে পুরো ম্যাচেই রাজত্ব ছিল ইতালিয়ানদের।রক্ষণ সামলে প্রতি-আক্রমণে যাও—চিরায়ত এই দর্শনের বাইরে গিয়ে কাল দুই দলই শুরু করে আক্রমণাত্মক ফুটবল। কিন্তু ইতালিয়ানদের আক্রমণের মুখে শেষ পর্যন্ত আত্মরক্ষার পথই বেছে নেয় ইংল্যান্ড। তবে আক্রমণের ঢেউ তুলেও গোলের দর্শন পায়নি ইতালি। অতিরিক্ত সময়ের ২৫ মিনিটে দায়মন্তির ক্রস থেকে নসেরিনোর হেড ইংল্যান্ডের জাল ছুঁলেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ম্যাচ টাইব্রেকারে গড়ালে ইংল্যান্ডের সামনে সুযোগ আসে ১৬ বছর পর বড় কোনো টুর্নামেন্টের সেমিফাইনালে যাওয়ার। ইতালির দ্বিতীয় শট নিতে আসা মন্টোলিভো বাইরে মেরে ইংলিশদের সুযোগও করে দিয়েছিলেন। কিন্তু অ্যাশলি ইয়ংয়ের শট ক্রসবারে এবং অ্যাশলি কোলের শট জিয়ানলুইজি বুফন ঠেকিয়ে দিলে ইংলিশদের শেষ শটটি নেওয়ার আগেই জিতে যায় ইতালি। আগামী বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ইতালির প্রতিপক্ষ জার্মানি। বুধবার প্রথম সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনের প্রতিপক্ষ পর্তুগাল। ওয়েবসাইট।