সেমিফাইনালে ইরাক, ঘানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কোরিয়াকে হারানোর পর মাঠেই জাতীয় পতাকা নিয়ে উদ্যাপন করলেন ইরাকি তরুণেরা ষ এএফপি
দক্ষিণ কোরিয়াকে হারানোর পর মাঠেই জাতীয় পতাকা নিয়ে উদ্যাপন করলেন ইরাকি তরুণেরা ষ এএফপি

একসময় এশিয়ার অন্যতম পরাশক্তি ছিল তারা। ১৯৮৬ সালে খেলেছে মেক্সিকো বিশ্বকাপে। এরপর যুদ্ধবিধ্বস্ত ইরাক আর বিশ্বকাপ খেলতে পারেনি। তবে ধ্বংসস্তূপ থেকে উঠে আসার আভাস দিয়েছিল ৬ বছর আগে, এশিয়া কাপ জিতে। এবার জানান দিল, নতুন প্রজন্মকে নিয়ে দারুণ আশাবাদী হতে পারে এই আরব দেশ। গত পরশু দক্ষিণ কোরিয়াকে টাইব্রেকারে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে ইরাক। যেখানে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। তুরস্কে অনুষ্ঠানরত যুব বিশ্বকাপ শেষ আটের আরেকটা ম্যাচও পরশু শেষ হয়েছে নাটকীয়তায়। তাতে ঘানা ৪-৩ গোলে হারিয়েছে চিলিকে। সেমিতে ঘানার মুখোমুখি ফ্রান্স। সেমিফাইনাল প্রকৃতই বৈশ্বিক চেহারা নিয়েছে। ফ্রান্স, উরুগুয়ের, ইরাক ও ঘানা—চার মহাদেশের চার দল সেমিফাইনালে! ইরাক-দক্ষিণ কোরিয়ার ম্যাচটা আগাগোড়াই ছিল উত্তেজনার পারদ চড়ানো। নির্ধারিত সময়ের খেলা ড্র থাকে ২-২ গোলে। দুবারই এগিয়ে গিয়েছিল ইরাক। কিন্তু কোরিয়া দুবার সমতা ফেরায় ম্যাচে। অতিরিক্ত সময়ের ১১৮ মিনিটে ফারহান শাকুরের দ্বিতীয় গোলে এগিয়ে যাওয়া ইরাকের জয়কেই মনে হচ্ছিল ভবিতব্য। কিন্তু একদম অন্তিম মুহূর্তে গোল শোধ করে কোরিয়া, ম্যাচটা যায় টাইব্রেকারে। তবে কোরিয়ার শেষ রক্ষা হয়নি, পেনাল্টিতে ৫-৪ গোলে জিতে ইরাকই হেসেছে শেষ হাসি।

অন্য কোয়ার্টার ফাইনালও নির্ধারিত সময়ে ২-২ গোলে শেষ হয়। ৯৮ মিনিটে চিলির ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার অ্যাঙ্গেলো হেনরিকেস এগিয়ে দেন দলকে। কিন্তু ১১৩ ও ১২১ মিনিটে দুই গোল করে ঘানাই উঠে যায় শেষ চারে। জোড়া গোল করেছেন ঘানার এবনেজের আস সিফুয়াহ। ফিফা ডট কম।