সেমিফাইনালে উইন্ডিজ

নাগপুরের স্পিন-বান্ধব উইকেটে ১২২ রানের লড়াই করার মতো পুঁজিই পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু এই লক্ষ্য ক্যারিবীয়দের জন্য কঠিন করে তুলতে দক্ষিণ আফ্রিকা দলে এক ইমরান তাহির বাদে তেমন স্পিনার কোথায়? অবশ্য তাহিরের কল্যাণেই যা একটু রোমাঞ্চ ছড়াল ম্যাচের শেষ দিকে। কিন্তু জিততে পারল না প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়ে সেমিফাইনালে চলে গেল ওয়েস্ট ইন্ডিজ।
৩৬ বলে দরকার ছিল ৩৬ রান। টি-টোয়েন্টিতে যা অনায়াসসাধ্য, তাও আবার দলটি ওয়েস্ট ইন্ডিজ। তবে সমীকরণটাকে কঠিন করে তুললেন তাহির। ১৫ ও ১৭তম ওভারে মাত্র ৫ রানে ২ উইকেট নিয়ে চাপে ফেলে দিলেন ক্যারিবীয়দের। ১২ বলে জয়ের জন্য সমীকরণ দাঁড়াল ২০ রান, শেষ ওভারে ৯। কিন্তু ২ বল ও ৩ উইকেট হাতে রেখেই জিতল ওয়েস্ট ইন্ডিজ।
এই হারেও দক্ষিণ আফ্রিকার আশা অবশ্য টিম টিম করে জ্বলছে। কাল যদি ইংল্যান্ড হারে শ্রীলঙ্কার বিপক্ষে, তবেই বেঁচে থাকবে প্রোটিয়াদের আশা। ইংলিশরা জিতে গেলে বিদায়ঘণ্টা বেজে যাবে তাদের।
নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম স্পিনারদের মৃগয়া। ভারতে সর্বশেষ টেস্ট সিরিজেই যা হাড়ে হাড়ে টের পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবার ওয়েস্ট ইন্ডিজের দুই স্পিনার স্যামুয়েল বদ্রি ও সুলেমান বেনকে প্রোটিয়ারা কীভাবে সামলায় দেখার ছিল সেটাই। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা এই দুজনকে উইকেট দেননি। কিন্তু দান মেরেছেন অফ স্পিনার গেইল।
ইনিংসের তৃতীয় বলেই রানআউট হাশিম আমলা। তৃতীয় ওভারে ড্যারেন স্যামি আক্রমণে আনেন ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর বল হাতে না নেওয়া গেইলকে। ষষ্ঠ বলেই রাইলি রুশোকে পয়েন্টে আন্দ্রে রাসেলের ক্যাচ বানালেন গেইল। অষ্টম ওভারে আবার বোলিংয়ে ফিরেই বোল্ড করলেন ডেভিড মিলারকে। ৪৭ রানে ৫ উইকেট হারিয়ে প্রোটিয়ারা রীতিমতো কাঁপছে তখন।
দক্ষিণ আফ্রিকার ইনিংসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়টা এরপরই ডেভিড ভিসেকে নিয়ে লিখলেন কুইন্টন ডি কক। ইনিংস উদ্বোধন করতে নেমে অন্য পাশে সঙ্গীদের আসা-যাওয়া দেখতে থাকা ডি কক ষষ্ঠ উইকেটে ভিসেকে নিয়ে যোগ করলেন ঠিক ৫০ রান। ৪৬ বলে ৪৭ রান করা ডি কককে বোল্ড করে জুটিটা ভেঙেছেন আন্দ্রে রাসেল। ভিসেও ফিরেছেন ১০ বল পরে। তথ্যসূত্র: ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১২২/৮ (আমলা ১, ডি কক ৪৭, ডু প্লেসি ৯, রুশো ০, ডি ভিলিয়ার্স ১০, মিলার ১, ভিসে ২৮, মরিস ১৬*, ফাঙ্গিসো ৪; বদ্রি ০/২২, রাসেল ২/২৮, গেইল ২/১৭, ব্রাফেট ০/১১, বেন ০/২০, ব্রাভো ২/২০)।
ওয়েস্ট ইন্ডিজ: ১৯.৪ ওভারে ১২৩/৭ (চার্লস ৩২, গেইল ৪, ফ্লেচার ১১, স্যামুয়েলস ৪৪, ব্রাভো ৮, রাসেল ৪, স্যামি ০, ব্রাফেট ১০*, রামদিন ১*; রাবাদা ১/৩৮, মরিস ১/৩৩, তাহির ২/১৩, ভিসে ১/১৯, ফাঙ্গিসো ১/১৯)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মারলন স্যামুয়েলস।