সেমিফাইনালে উঠবে যুক্তরাষ্ট্র:ফ্যাব্রিগাস
দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে নামার আগেই যুক্তরাষ্ট্রকে খুশির খবর জানালেন সেস ফ্যাব্রিগাস। স্পেনের এই তারকা মিডফিল্ডারের বিশ্বাস, বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে যুক্তরাষ্ট্র। ফ্যাব্রিগাসের বিশ্বাস বাস্তবে রূপ পাবে কি না পরের বিষয়। কিন্তু যে বিশ্বাসের কথা তিনি শুনিয়েছেন, তাও তো যুক্তরাষ্ট্রের জন্য কম সুখকর নয়!‘সি’ গ্রুপের শীর্ষস্থানে থেকে সেরা ১৬-তে উঠেছে যুক্তরাষ্ট্র। অনেকেই দলটির এই কৃতিত্বকে হালকা করে দেখলেও ফ্যাব্রিগাস মনে করছেন, যোগ্য দল হিসেবেই এ স্থান দখল করেছে তারা। কিন্তু কেন যুক্তরাষ্ট্রের প্রতি এতটা সমীহ জেগেছে স্পেনের এই মিডফিল্ডারের? যুক্তরাজ্যের জনপ্রিয় দৈনিক সানকে দেওয়া সাক্ষাত্কারে ফ্যাব্রিগাস বলছেন, ‘আলজেরিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে যুক্তরাষ্ট্রের জয়ের মুহূর্তটিই বিশ্বকাপে এ পর্যন্ত আমার দেখা সেরা মুহূর্ত। এই ম্যাচটি অনেক দিন আমার মনে থাকবে।’ এরপর এই তারকা মিডফিল্ডার যোগ করেন, ‘দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে ঘানাকে হারাবে যুক্তরাষ্ট্র। কোয়ার্টার ফাইনালে হয়তো তাদের প্রতিপক্ষ হবে উরুগুয়ে। তাদেরকে হারানোর ক্ষমতাও রাখে যুক্তরাষ্ট্র।’যুক্তরাষ্ট্রের খেলা সম্পর্কে অবশ্য আগে থেকেই ধারণা আছে ফ্যাব্রিগাসের। গত বছর অনুষ্ঠিত কনফেডারেশন কাপের সেমিফাইনালে তাদের কাছে হেরেই যে বিদায় হয়েছিল স্পেনের! সেই অভিজ্ঞতা থেকে ফ্যাব্রিগাস বলছেন, ‘গ্রুপের শীর্ষস্থানে উঠেছে বলে আমি মোটেই বিস্মিত হইনি। যুক্তরাষ্ট্র অনেক শক্তিশালী দল। বিশেষ করে পাল্টা আক্রমণে তাদের তুলনা হয় না।’