আলেকজান্ডার ডলজোপোলভের স্বপ্ন যাত্রা থমকে দিলেন অ্যান্ডি মারে। বুধবার স্কটিশ তারকা মারে ইউক্রেনের এই ‘জায়ান্ট কিলার’কে ৭-৫ ৬-৩ ৬-৭ ৬-৩-এ হারিয়ে উঠে গেছেন অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে।১৮৬ মিনিটের এই লড়াইয়ে ডলজোপোলভকে মারে কোনো সুযোগই দেননি। প্রথম দুই সেটে মোটামুটি ভালোভাবেই ডলজোপোলভকে পরাভূত করেন মারে। তবে তৃতীয় সেটে এসে তীব্র প্রতিরোধ গড়ে মারেকে ভালোই বেগ দেন বিশ্বের ৪৬ নম্বর স্থানের এই ইউক্রেনীয় তারকা। শ্বাসরূদ্ধকর এক টাইব্রেকারে নিষ্পত্তি হয় তৃতীয় সেটটির। তৃতীয় সেটে মারে হেরে যান ৬-৭ পয়েন্টে।‘তৃতীয় সেটের টাইব্রেকারের সময় আমি একটু পরীক্ষা-নিরীক্ষা করেছিলাম। সে কারণেই ব্যাপারটি ঘটেছে।’ ম্যাচ শেষে তৃতীয় সেটের টাইব্রেকার সম্পর্কে ২৩ বছর বয়সী মারের অভিমত।মারে ডলজোপোলভের বিপক্ষে এই ম্যাচটিকে ‘কঠিন ম্যাচ’ আখ্যা দিয়ে বলেন, ‘ম্যাচে বেশ কঠিন সময় পার করতে হয়েছে আমাকে। পরের ম্যাচে সব ভুলত্রুটি শুধরে নিতে পারব বলে আশা রাখি।’ বলেছেন অ্যান্ডি মারে।অ্যান্ডি মারে গেল বছরের অস্ট্রেলিয়ান ওপেনে রজার ফেদেরারের কাছে হেরে গিয়েছিলেন। সেমিফাইনালে মারে বিশ্বের এক নম্বর তারকা রাফায়েল নাদাল অথবা আরেক স্প্যানিশ খেলোয়াড় ডেভিড ফেরারের বিপক্ষে খেলবেন। গত ৭৫ বছর ধরে কোনো ব্রিটিশ টেনিস খেলোয়াড়ই গ্র্যান্ড স্লাম শিরোপা জিততে পারেনি। সে কারণে এই মুহূর্তে তিনি পরিণত হয়েছেন ব্রিটিশদের স্বপ্নের প্রতীকে।