১৫ বছর আগে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির প্রথম আসরে খেলেছিল বাংলাদেশ। মালয়েশিয়ার ইপোহতে সেবার তৃতীয় হয়েছিল বাংলাদেশের ছেলেরা। মাঝে দুটি টুর্নামেন্টে অংশ নেয়নি। তবে হকির বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় আবার ফিরছে বাংলাদেশ। ঢাকায় মওলানা ভাসানী স্টেডিয়ামে ২৪ সেপ্টেম্বর শুরু সাত জাতির এই টুর্নামেন্ট। ফাইনাল ৩০ সেপ্টেম্বর।
২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে বাংলাদেশ। ওমানের সঙ্গে পরের ম্যাচটি ২৭ সেপ্টেম্বর।
হকির এই এশীয় টুর্নামেন্ট সামনে রেখে গত আগস্ট থেকে বিকেএসপিতে অনুশীলন শুরু করে বাংলাদেশ যুবদল। ১৮ সদস্যের দলে অভিজ্ঞ বলতে জাতীয় দলের চার খেলোয়াড়—ফরোয়ার্ড রুম্মন সরকার, আরশাদ হোসেন, মিডফিল্ডার ফজলে হোসেন রাব্বী ও ডিফেন্ডার আশরাফুল ইসলাম।
টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ভারত। বাংলাদেশের গ্রুপের অন্য দল ওমানও ভালো প্রস্তুতি নিয়ে ঢাকা আসছে। শুধু প্রস্তুতিটা ভালো হয়নি বাংলাদেশের। ওমান জার্মানিতে অনুশীলন শেষে এখন পাকিস্তানে প্রস্তুতি ম্যাচ খেলতে ব্যস্ত। অথচ বাংলাদেশ দল বিকেএসপিতে ৬টি প্রস্তুতি ম্যাচ খেলেছে নৌবাহিনী ও সেনাবাহিনীর সঙ্গে। তারপরও সেমিফাইনালে চোখ কোচ কাওসার আলীর, ‘এটা সত্যি, শক্তিশালী দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার কোনো বিকল্প নেই। কিন্তু আমাদের সে সুযোগ হয়নি। তবু সেমিফাইনালে খেলার আশা করছি।’ ফেডারেশনের সহসভাপতি খাজা রহমতউল্লাহর স্বপ্ন আবার ফাইনাল খেলার, ‘ভারত নিঃসন্দেহে আমাদের চেয়ে শক্ত প্রতিপক্ষ। কিন্তু ওমান এখন পর্যন্ত আমাদের হারাতে পারেনি। আশা করি, এবারও বাংলাদেশকে হারাতে পারবে না। তা ছাড়া বর্তমান পাকিস্তান দলটা ভারতের মতো শক্তিশালী নয়। আমরা চেষ্টা করব পাকিস্তানকে হারিয়ে ফাইনালে খেলার।’
আন্তর্জাতিক টুর্নামেন্ট নিয়ে সরগরম হকি ফেডারেশন। সবার আগে কাল ঢাকায় পৌঁছেছে ভারত। গতকাল গভীর রাতে পৌঁছানোর কথা চীনা তাইপের। বাকি দলগুলো আজ আসবে।
টুর্নামেন্টের প্রস্তুতি নিয়ে কাল ফেডারেশনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন কর্মকর্তারা। চমৎকার একটা টুর্নামেন্টের আশাবাদ সাধারণ সম্পাদক আবদুস সাদেকের, ‘ঢাকায় একটা সফল টুর্নামেন্ট হোক, এটাই আমাদের চাওয়া। আশা করি, অতিথি দলগুলোর নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না।’
টুর্নামেন্টের প্রচারণায় রাজধানীর পাঁচটি সড়কদ্বীপ সাজানোর পরিকল্পনা নিয়েছে ফেডারেশন। শহরের বিভিন্ন জায়গায় ঝোলানো হবে বিলবোর্ড। উদ্বোধনী-সমাপনী অনুষ্ঠানসহ বাংলাদেশের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন এটিএন বাংলা। দর্শকদের জন্য পাঁচটি গেট উন্মুক্ত করে দেওয়া হবে।
টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বেক্সিমকো গ্রুপ। প্রথমবারের মতো হকিতে এসেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। সংবাদ সম্মেলনে বেক্সিমকো গ্রুপের কর্মকর্তা আজমল কবির জানান, ‘আমরা হকির পাশে আছি। ফেডারেশন আমাদের যেসব পরিকল্পনা দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট। এই টুর্নামেন্ট ছাড়াও ভবিষ্যতে হকিতে আরও সহযোগিতা করব।’
অনূর্ধ্ব-১৮এশিয়াকাপহকিরদুইগ্রুপ
গ্রুপ ‘এ’: বাংলাদেশ, ভারত ও ওমান।
গ্রুপ ‘বি’: পাকিস্তান, চীন, হংকং ও চীনা তাইপে।