সেমিফাইনালে চোখ বুফনের
গোলবারের নিচে অতন্দ্র প্রহরী জিয়ানলুইজি বুফন। ‘আজ্জুরি’দের প্রত্যাশাও তাঁকে ঘিরেই। বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই গোলরক্ষক এবারের ইউরোয় দলের অন্যতম ভরসাস্থলও। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে জয়েও বুফন রেখেছেন দুর্দান্ত অবদান। আর এবার তাঁর লক্ষ্য ইউরো শিরোপাটা। তাই এখন ইংল্যান্ডের বিপক্ষে জয়টা নিয়ে বেশি উচ্ছ্বসিত না হয়ে জার্মানির বিপক্ষে সেমিফাইনালটার দিকে মনোযোগ দিতেই সতীর্থদের প্রতি আহ্বান জানিয়েছেন এই ইতালিয়ান গোলরক্ষক।ইংল্যান্ডের বিপক্ষে শেষ আটের লড়াইয়ে গোটা ম্যাচ থেকেছে গোলশূন্য। অবশেষে টাইব্রেকারে নির্ধারিত ফলাফলে জয়ের স্বাদ পেয়েছে ইতালি। তবে এই ঘাম ঝরানো জয়ের উদযাপনটা এখনই করতে চান না বুফন। বরং ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপাটা হাতে নিয়েই চূড়ান্ত উল্লাসটা করতে চান এই ইতালিয়ান গোলরক্ষক। তিনি বলেছেন, ‘আমাদের মনে রাখতে হবে যে আমরা কেবল কোয়ার্টার ফাইনালের ধাপটা পেরিয়েছি। সেমিফাইনালে জায়গা করে নিয়েই আমরা উল্লাস করতে পারি না। শিরোপা জয়ী দল হিসেবে প্রতিযোগিতাটা শেষ করতে পারলেই সেটা করব আমি। আমাদের মধ্যে যারা বড় কোন শিরোপা জিতেছে, তারা সেই ঘটনারই পুনরাবৃত্তি চাইবেন। আর যারা এখনও জেতেনি, তাদেরও এই অভিজ্ঞতাটা হওয়া দরকার।’তবে শিরোপা জিততে হলে আগে সেমিফাইনালের বাধাটা পেরোতে হবে ইতালিকে। আর সেখানে তাদের প্রতিপক্ষ দুর্দান্ত ফর্মে থাকা জার্মানি। অনেকের দৃষ্টিতে তারাই ফেভারিট। তবে ইতালি যে এখন আর কাউকেই ভয় পায় না সেটা বেশ দৃঢ়কণ্ঠেই মনে করিয়ে দিয়েছেন বুফন। তিনি বলেছেন, ‘জার্মানিই হয়তো ফেভারিট। কিন্তু আমরাও এখন যে কারও মুখোমুখি হতে পারি। কেউই দ্বিতীয় স্থানে থেকে ম্যাচ শেষ করতে চায় না।’— ওয়েবসাইট