সেমিফাইনালে জোকোভিচ ফেদেরার ও মারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় রাউন্ডেই হেরে কবেই মায়োর্কায় নিজের বাড়িতে ফিরে গেছেন রাফায়েল নাদাল। নোভাক জোকোভিচ ও রজার ফেদেরারের স্বপ্নটা এখনো বেঁচে আছে; তবে আগামীকালই দুজনের যেকোনো একজনকে ধরতে হবে বাড়ির পথ। অন্যজন উঠে যাবেন উইম্বলডনের ফাইনালে। আগামীকাল সেমিফাইনালেই যে মুখোমুখি জোকোভিচ-ফেদেরার। শেষ চারের অন্য ম্যাচে খেলবেন অ্যান্ডি মারে ও জো-উইলফ্রায়েড সোঙ্গা।গতকাল কোয়ার্টার ফাইনালে শীর্ষ বাছাই জোকোভিচ ৬-৪, ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন জার্মানির ফ্লোরিয়ান মেয়ারকে। রাশিয়ার মিখাইল ইয়ুঝনিকে ৬-১, ৬-২, ৬-২ গেমে হারিয়ে ৩২ বারের মতো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠেছেন তৃতীয় বাছাই রজার ফেদেরার। ব্রিটিশদের আশা-ভরসা অ্যান্ডি মারে ৬-৭ (৫/৭), ৭-৬ (৮/৬), ৬-৪, ৭-৬ (৭/৪) গেমে জিতেছেন ডেভিড ফেরারের বিপক্ষে। পঞ্চম বাছাই সোঙ্গা জার্মানির ফিলিপ কোলশ্রেইবারের বিপক্ষে জিতেছেন ৭-৬ (৭/৫), ৪-৬, ৭-৬ (৭/৩), ৬-২ গেমে। এএফপি।