সেমিফাইনালে নাদাল-মারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরে টানা তৃতীয়বারের মতো গ্রান্ড স্ল্যামের সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছেন রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারে। গতকাল প্রত্যাশিতভাবেই এ দুই শিরোপাপ্রত্যাশী পেয়েছেন শেষ চারের টিকিট। কোয়ার্টার ফাইনালে অ্যান্ডি রডিকের বিপক্ষে ৬-২, ৬-১, ৬-৩ গেমের সহজ জয় পেয়েছেন নাদাল। অন্যদিকে আমেরিকান জন ইসনারকে হারাতে ভালোই ঘাম ঝরাতে হয়েছে চতুর্থ বাছাই অ্যান্ডি মারেকে। শেষ পর্যন্ত তিনি ম্যাচটা জিতেছেন ৭-৫, ৬-৪, ৩-৬, ৭-৬ (৭/২) গেমে।২০০৩ সালের ইউএস ওপেন শিরোপাজয়ী অ্যান্ডি রডিকের বিপক্ষে গত ১০টি মুখোমুখি লড়াইয়ের সাতটিতেই জয় পেয়েছেন নাদাল। গতকাল কোর্টে পুরো সময়টাতেই আধিপত্য ছিল এই স্প্যানিশ টেনিস তারকার। আর বাম পায়ের ইনজুরির কারণে দুইবার চিকিত্সা নিতে হয়েছে রডিককে। সব মিলিয়ে ম্যাচটা জিতে নিতে কোনো কষ্ট করতে হয়নি গতবারের শিরোপাজয়ী নাদালকে। এখন শুধু সেমিফাইনালের বাধা পেরোনোর কথাই চিন্তা করছেন সাবেক এই এক নম্বর তারকা। ম্যাচটা যে খুবই কঠিন হবে, এটা খুব ভালোমতোই বুঝতে পারছেন তিনি। তবে শুরুটা ভালোভাবে করতে পারলে সাফল্যের দেখা পাওয়া যাবে বলেই মনে করছেন নাদাল। গতকাল শেষ আটের ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘অ্যান্ডি খুবই ভালো খেলোয়াড়। তাঁর মুখোমুখি হওয়া সব সময়ই খুব চাপের। এ আসরের অন্যতম মেধাবী খেলোয়াড় সে। ২০০৮ সালের সেমিফাইনালে সে আমাকে হারিয়ে ফাইনালে উঠেছিল। এটা হবে খুবই উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ। আর আমার জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ। ম্যাচের শুরুটা কীভাবে করতে পারছি, সেটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ফলাফল নির্ধারণের ক্ষেত্রে।’ ওয়েবসাইট।