দুই বছর আগে এশিয়ান গেমসের বাছাইপর্বে ঢাকায় হেরেছিল সিঙ্গাপুরের কাছে। সেই দুঃসহ স্মৃতি ঘোচানোর উপলক্ষ এসেছিল রাসেল মাহমুদদের সামনে। ব্যাংককে অনুষ্ঠানরত এএইচএফ কাপ হকিতে সিঙ্গাপুরকে ৪-১ গোলে হারিয়ে সেই হারের প্রতিশোধ নিল কাল বাংলাদেশ দল। টানা দুই জয়ে ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালও নিশ্চিত হলো বাংলাদেশের।শুরু থেকেই দাপটের সঙ্গে খেলেছে বাংলাদেশ। তবে গোলের দেখা পেতে ২৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। পেনাল্টি কর্নার থেকে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন মামুনুর রহমান (চয়ন)। প্রথমার্ধে অবশ্য আর কোনো গোল হয়নি। ৪৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকেই ব্যবধান দ্বিগুণ করেন পেনাল্টি বিশেষজ্ঞ ওই মামুনুর। ৫৩ মিনিটের ফিল্ড গোলটি মওদুদুর রহমানের (শুভ), ৬৫ মিনিটে রাসেল মাহমুদের (জিমি) গোলটিও আসে পেনাল্টি কর্নার থেকে। ম্যাচের শেষ মুহূর্তে একটি গোল শোধ করে সিঙ্গাপুর। আজ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে শেষ ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।