
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে জিতেছিলেন শিরোপা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পথেও অনেক দূরই চলে গিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু হলো না। ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টি-টোয়েন্টি লিগের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো সাকিবের দল বারবাডোস ট্রাইডেন্টসকে। গতকাল দ্বিতীয় সেমিফাইনালে জ্যামাইকার কাছে ৭ উইকেটে হেরে বিদায় নিতে হয়েছে সাকিবদের।
গ্রুপ পর্বের খেলাগুলোতে ব্যাট হাতে উল্লেখযোগ্য কিছু করতে না পারলেও বল হাতে ভালো পারফরম্যান্সই দেখিয়েছিলেন সাকিব। দুটি ম্যাচে জিতেছিলেন ম্যাচসেরার পুরস্কারও। গতকালের সেমিফাইনালে দলের হারে অবশ্য সাকিবের পারফরম্যান্সের কোনো ভূমিকা নেই। ব্যাট হাতে নামতেই হয়নি মাঠে। শোয়েব মালিকের ৪৯ ও রেমন রেইফারের ৩৬ রানের সুবাদে জ্যামাইকাকে ১৪৮ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দেয় বারবাডোস। জবাবে ব্যাট করতে নেমে কুমার সাঙ্গাকারা ও আন্দ্রে রাসেলের ঝোড়ো ব্যাটিংয়ে সহজেই জয় তুলে নেয় জ্যামাইকা। ৩৮ বলে ৫০ রান করে অপরাজিত ছিলেন সাঙ্গাকারা। রাসেল ২৯ রানের ইনিংসটি খেলেছেন মাত্র ৬ বলে। বল হাতেও সাকিবের আবির্ভাব মাত্র এক ওভারের জন্য। দিয়েছেন ৮ রান।
লিগের প্রথম চারটা ম্যাচ জিতে নিজেদের ফেবারিট হিসেবেই ঘোষণা করেছিল সাকিব আল হাসানের দল বারবাডোস ট্রাইডেন্টস। সেমিফাইনালে হেরে বিদায় অনেকখানি আফসোসই এখন রেখে যাবে সাকিবদের মনে।