সেমিফাইনালে বিদায় বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের বাকি চার মিনিট। ডাগ-আউটে বসে থাকা বাংলাদেশের দুই খেলোয়াড় শাহীন, কাওসারের চোখে জল। তাঁদের সান্ত্বনা দিতে ব্যস্ত কোচ কামরুল ইসলাম (কিরণ)। দেখে মনে হচ্ছিল যেন অনেক বড় কিছু হারিয়ে ফেলেছে বাংলাদেশ। আসলে আইএইচএফ কাপ হ্যান্ডবল চ্যালেঞ্জ ট্রফির সেমিফাইনালে পাকিস্তানের কাছে বিদায় নিশ্চিত জেনে এমন কান্না।বাংলাদেশকে ৩৩-২৪ গোলে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠে গেল পাকিস্তান। আজ ফাইনালে আবারও তাদের মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। অন্য সেমিফাইনালে ইয়েমেনকে ৪৫-১৮ গোলে হারিয়েছে তারা। এই ইয়েমেনের সঙ্গেই এখন তৃতীয় স্থানের লড়াই বাংলাদেশের। দিনের প্রথম খেলায় নেপালকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে (১৬-১৭) হারিয়ে পঞ্চম হয়েছে আফগানিস্তান।বাংলাদেশের আক্রমণাত্মক চেহারা কাল আর ছিলনা। শরীরী ভাষা বা স্কোরিং দক্ষতা—কোনো কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না ইমদাদুল, দিদারদের। কখনো ১: ১ অবস্থায় গোল মিস করেছেন, কখনো বল বারে লাগিয়েছেন। গোলকিপার ইমদাদুল হকও (হীরা) পুরো ফ্লপ। দুই উইং দিয়ে সাঁড়াশি আক্রমণে গোলের পর গোল করে গেছে পাকিস্তানি খেলোয়াড়েরা। তাদের প্রথম দুটো গোলই এসেছে পেনাল্টি থেকে। প্রথমার্ধে ১৪-৮ গোলে এগিয়ে ছিল পাকিস্তান। তবে দ্বিতীয়ার্ধে একসময় ম্যাচে ফেরার সম্ভাবনা দেখা দিয়েছিল বাংলাদেশের। ম্যাচের স্কোর ছিল ১৯-২৩! তখন দুই মিনিটের জন্য শাস্তি পেয়ে কোর্টের বাইরে দুই পাকিস্তানি খেলোয়াড়। অথচ সেখান থেকে ফিরতে তো পারেইনি বাংলাদেশ, উল্টো আরও ১৪টি গোল হজম করেছে। গত দুই ম্যাচের সর্বোচ্চ গোলদাতা ইমদাদুল কাল করেছেন মাত্র ৬টি গোল। পরাজয়ে বিষণ্ন ইমদাদুল, ‘সতীর্থদের কাছ থেকে সেভাবে সমর্থন পেলাম না। তা ছাড়া ওরা খুব ভালো খেলেছে। আমাদের রক্ষণভাগেও সমস্যা ছিল।’ কোচ কামরুল খেলোয়াড়দের অভিজ্ঞতাকে দায়ী করলেন, ‘আমরা অভিজ্ঞতার কাছেই হেরে গেছি। ওদের উইঙ্গাররা খুবই ভালো খেলেছে। ম্যাচে খেলোয়াড়দের মধ্যে ভুল বোঝাবুঝিও হয়েছে।’ তবে পাকিস্তানের কোচ তাহের হামিদ এই জয়েও সন্তুষ্ট নন, ‘আমি ছেলেদের পারফরম্যান্সে খুশি না। জিতেছি এটাই বড়। এখন ভারতকে হারানোই আমাদের লক্ষ্য।’ভারত কাল ইয়েমেনকেও উড়িয়ে দিয়েছে। তাদের সর্বোচ্চ ১০টি গোল করেছেন নিনগি।