সেমিফাইনালে বিদায় সালমাদের
সালমাদের অভিযাত্রা শেষ হয়ে গেল সেমিফাইনালেই। মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টির দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে কাল বিদায় হলো বাংলাদেশ দলের। আজ ভারত-পাকিস্তান ফাইনাল। ভারত-শ্রীলঙ্কা প্রথম সেমিফাইনালটির একটি বলও কাল মাঠে গড়ায়নি। গোটা ম্যাচটাই খেয়ে নিয়েছে অঝোর বৃষ্টি। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠায় বাইলজ অনুযায়ী ভারতই উঠেছে ফাইনালে।গ্রুপ পর্বের শেষ ম্যাচের মতো কালও টসে হারেন অধিনায়ক সালমা। প্রতিপক্ষের ইচ্ছা অনুযায়ী আবারও প্রথমে ব্যাট করতে হয় বাংলাদেশ দলকে। মিল থাকল ব্যাটিংয়েও। আরেকবার ব্যর্থ বাংলাদেশের মেয়েরা। আগের ম্যাচে ৬২ রানে অলআউট হওয়া দলটি কাল পুরো ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে তুলতে পারল মাত্র ৮২ রান। মিল আছে আরেকটি, এই ম্যাচেও পুরো ইনিংসে চার মাত্র ২টি! বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেছেন ওপেনার ফারজানা হক। ইনিংসের ২টি চারের ১টি মেরেছেন ৪৪ বল খেলা ফারজানাই। অন্যটি মেরেছেন দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ১৬ রান করা আট নম্বর ব্যাটসম্যান শুকতারা রহমান। এ ছাড়া দুই অঙ্কের রান ছুঁয়েছেন শুধু সালমাই (১৪)। ফারজানা-সানজিদার ২৪ রানের উদ্বোধনী জুটির বাইরে বলার মতো কোনো জুটিও হয়নি। পাকিস্তানের লেগ স্পিনার বিসমাহ মারুফ ও অফ স্পিনার নিদা দার নিয়েছেন ২টি করে উইকেট। বোলিংয়ের মতো ব্যাটিংয়েও পাকিস্তানের সেরা দুই পারফরমার মারুফ ও দার। ৫ রানে প্রথম ও ১৪ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে পাকিস্তান যখন বিপদে, তখনই ঘুরে দাঁড়ান মারুফ (২৭*) ও দার (২৫)। তৃতীয় উইকেটে ৪৪ রানের জুটি গড়েন তাঁরা। ম্যাচসেরা হয়েছেন ৪ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে ৩ চারের সাহায্যে ২৫ রান করা ২৫ বছর বয়সী নিদা দার। কানিতা জলিলকে (৪) ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙেন জাহানারা আলম। ওয়ানডাউন ব্যাটার অধিনায়ক সানা মিরকে (৫) আউট করেন পান্না ঘোষ। ৫৮ রানে শুকতারা রহমানের বলে উইকেটকিপার নুজহাত তাসনিয়ার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন নিদা দার। ৬৯ রানে জাভেরিয়া খানকে (৬) ফেরান লেগ স্পিনার রুমানা আহমেদ। এরপর আর পাকিস্তানের উইকেট নিতে পারেননি বাংলাদেশের বোলাররা। জাহানারা আলমের বলে এক রান নিয়ে নাইন আবিদি যখন দলকে জিতিয়ে ফিরলেন, তখনো ম্যাচের বাকি ১৪ বল। তথ্য সূত্র: ক্রিকইনফো।সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ: ২০ ওভারে ৮২/৭ (ফারজানা ২৮, সানজিদা ৬, রুমানা ৪, লতা ১, সালমা ১৪, তাজিয়া ৩, জাহানারা ১, শুকতারা ১৬*, পান্না ২*; মারুফ ২/৯, দার ২/১৩, সাদিয়া ১/১৪, মির ১/২১)। পাকিস্তান: ১৭.৪ ওভারে ৮৩/৪ (কানিতা ৪, মারুফ ২৭*, মির ৫, দার ২৫, জাভেরিয়া ৬, আবিদি ১১*; পান্না ১/৭, জাহানারা ১/১১, রুমানা ১/১২, শুকতারা ১/১৮, লতা ০/৮, কুবরা ০/১২, সালমা ০/১৩)। ফল: পাকিস্তান ৬ উইকেটে জয়ী।প্লেয়ার অব দ্য ম্যাচ: নিদা দার।