সেমিফাইনালে ব্রাজিল

চিলির পর কলম্বিয়া। নকআউট পর্বে ব্রাজিলের দুটি ম্যাচই ছিল শেষ পর্যন্ত নাটকীয়তায় ভরা। তবে আগের ম্যাচের মতো এবারও সেই নাটকের শেষ হাসিটা থাকল ব্রাজিলিয়ানদের মুখে। থিয়াগো সিলভা আর ডেভিড লুইজের গোলে কলম্বিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল ব্রাজিল।
ম্যাচের সপ্তম মিনিটেই গোলের দেখা পেয়ে যায় সেলেসাওরা। নেইমারের কর্নার কিকে লুইজ মাথা ছোঁয়াতে না পারলেও অধিনায়ক সিলভা বাঁ পায়ের আলতো টোকায় বল পাঠিয়ে দেন জালে। স্কলারির ছাত্ররা এদিন ছিলেন আগের সবগুলো ম্যাচের চেয়ে উজ্জ্বল। ব্রাজিলকেও তাই বিশ্বকাপের প্রথমবারের মতো দেখা গেল প্রায় চেনা রূপে। সেই তুলনায় কলম্বিয়া ছিল আগের ম্যাচগুলোর চেয়ে ম্লান। ফলাফল, ৬৯ মিনিটে দর্শনীয় এক ফ্রি-কিক থেকে ব্যবধান বাড়ান লুইজ। পিএসজি ডিফেন্ডারের ডান পায়ের বুলেট শট ফেরানোর সাধ্য ছিল না গোলরক্ষক ডেভিড অসপিনার।
৭৮ মিনিটে একটা গোল শোধ করে ম্যাচ জমিয়ে তোলে কলম্বিয়া। বদলি হিসেবে নামা কার্লোস বাক্কাকে নিজেদের বক্সের ভেতর ফেলে দেন ব্রাজিল গোলরক্ষক হুলিও সিজার। সুবাদে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন হামেস রদ্রিগেজ। বিশ্বকাপ শেষ হয়ে গেলেও পাঁচ ম্যাচে ছয় গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি-নেইমারের চেয়ে আপাতত এগিয়ে রইলেন কলম্বিয়ান প্লে-মেকার।
মঙ্গলবার সেমিফাইনালে ব্রাজিল খেলবে জার্মানির বিপক্ষে। তবে দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় ওই ম্যাচে খেলতে পারবেন না অধিনায়ক সিলভা।