কোনো জয় ছিল না, ড্র হয়েছে একটা ম্যাচ—শেখ জামাল ধানমন্ডির সেমিফাইনালে ওঠার আশাটা ঝুলছিল ক্ষীণ সুতোয়। কাগজে-কলমে সেটি টিকিয়ে রেখেছিল কালকের মোহামেডান-ব্রাদার্স ম্যাচটি। মোহামেডান জিতলে একটা আশা থাকত। কিন্তু সময় যতই গড়িয়েছে, শেখ জামালের আশা ততই দুরাশায় পরিণত হয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহামেডানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ব্রাদার্স। ফলে শেখ রাসেল, মোহামেডান ও মুক্তিযোদ্ধার পর শেষ দল হিসেবে কাল সেমিফাইনালে উঠল গোপীবাগের দলটি।প্রথম ম্যাচের ফল শেখ জামাল-বিজেএমসি ম্যাচটিকে পরিণত করে আনুষ্ঠানিকতার ম্যাচে। আগের ম্যাচের মতো ড্র হয়েছে এটিও। অবশ্য ১০ জনের শেখ জামাল এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ১-১-এ ড্র করে বিজেএমসির সঙ্গে।৪৪ মিনিটে বক্সের মধ্যে বিজেএমসির তকলিচকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় শেখ জামালের গোলরক্ষক ওমরকে। পেনাল্টি থেকেও গোল করতে পারেননি তকলিচ। উল্টো ৫২ মিনিটে তৌহিদুল আলমের গোলে এগিয়ে যায় শেখ জামালই (১-০)। তবে ৬০ মিনিটে বিজেএমসিকে সমতায় ফেরান মেহেদী হাসান (১-১)। বাকি সময়ে দু দলের কেউই গোল করতে পারেনি। গত কয়েক দিনের টানা গরমে অতিষ্ঠ ফুটবলারদের কাল একটু স্বস্তি দিয়েছে বিকেলের ভারী বৃষ্টি। কিন্তু এতে আবার সমস্যাও হয় একটা। মাঠে পানি জমে যাওয়ায় সন্ধ্যা ছয়টার ম্যাচ শুরু হয় প্রায় ৪৫ মিনিট পর। ব্রাদার্স তো এমন মাঠে ম্যাচ খেলতে আপত্তি জানিয়ে বসে। যদিও শেষ পর্যন্ত রেফারির সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মাঠে নামে তারা। তবে কাদা মাঠে দুই দলের কেউই স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। পাসিং ফুটবল খেলা সম্ভব ছিল না এই মাঠে। বারবার বল আটকে যাচ্ছিল পানিতে। সেমিতে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন শেখ রাসেলকে এড়াতে জয়ের বিকল্প ছিল না ব্রাদার্সের। কিন্তু গোলের দেখাই পায়নি কমলা দলটি। তবে প্রথমার্ধে আক্রমণাত্মক খেলে ব্রাদার্স তৈরি করেছিল বেশ কয়েকটি ভালো সুযোগ। ম্যাচের পাঁচ মিনিটেই জুয়েল রানা মোহামেডান গোলরক্ষক টিটুকে একা পেয়েও বল তুলে দেন বারের ওপর। ২৪ মিনিটে বক্সের মধ্যে জুয়েল রানার জোরালো শটই মোহামেডানের এক ডিফেন্ডারের গায়ে লেগে যায় বাইরে। ৩১ মিনিটে মোহামেডানের রবিনের শট ঘুষি মেরে বাঁচিয়ে দেন ব্রাদার্স গোলরক্ষক সুজন।ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন—এই সমীকরণে মোহামেডান খেলেছে নির্ভার হয়ে। সেমিফাইনালের আগে দলটি বিশ্রাম দেয় রজনী, ওয়াহেদ, মানিক আর প্রধান গোলরক্ষক মামুনকে। মোবারককে বদলি হিসেবে নামানো হয় শেষ দিকে। একটা পয়েন্ট পাওয়ার উদ্দেশ্য নিয়েই যেন খেলেছে মোহামেডান। ম্যাচের ৪১ মিনিটের সময় আলোকস্বল্পতায় খেলা বন্ধ ছিল প্রায় পাঁচ মিনিট। দ্বিতীয়ার্ধে দুই দলই খেলেছে এলোমেলো ফুটবল। সময় পার করাটাই যেন মুখ্য উদ্দেশ্য ছিল তাদের। টানা তৃতীয়বারের মতো সুপার কাপের ফাইনাল হাতছানি দিচ্ছে মোহামেডানকে। তবে এখনই এসব নিয়ে ভাবছেন না কোচ সাইফুল বারী টিটু, ‘আমাদের প্রথম লক্ষ্য ছিল সেমিফাইনালে ওঠা। সেই লক্ষ্য পূরণ হয়েছে। পরের ম্যাচটি নিয়েই আপাতত ভাবছি।’ আগামী পরশুর সেমিফাইনালে মোহামেডানের প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা। গত প্রিমিয়ার লিগের প্রথম পর্বে এই মুক্তিযোদ্ধার কাছেই ৪-১ গোলে হেরেছিল মোহামেডান। কোচ সাইফুল বারী তাই সমীহই করছেন প্রতিপক্ষকে, ‘টুর্নামেন্টে কাউকে খাটো করে দেখার সুযোগ নেই।’সেমিফাইনাল লাইনআপ২১ জুন শেখ রাসেল-ব্রাদার্স২২ জুন মোহামেডান-মুক্তিযোদ্ধা * ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়, বঙ্গবন্ধু স্টেডিয়ামে