ফিফা বিশ্বকাপের নির্ঘণ্ট তৈরি করার সময় খুব চেষ্টা করে, যাতে ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে ফাইনাল হয়। কিন্তু দুই দলেরই রাউন্ডের খেলায় ভাগ্য বিপর্যয়ের কারণে বিশ্বকাপের ১৯টি পর্বে এ পর্যন্ত ফিফার সে স্বপ্ন সফল হয়নি। তেমনি আইসিসিও চায়, বিশ্বকাপ ক্রিকেটে ভারত-পাকিস্তান একবার স্বপ্নের ফাইনাল হোক। কিন্তু ১০ বার পর্যন্ত এ চাওয়া সফল হয়নি। তবু এবার বিশ্ব ক্রিকেটবাসীর ভাগ্য অনেক ভালো যে সেমিফাইনালে মোহালিতে বুধবার (৩০ মার্চ) আফ্রিদি আর ধোনির সাক্ষাৎ হয়ে যাচ্ছে। জিবে জল আসছে। সঞ্জয় মাঞ্জরেকার বলেছেন, মাদার অব দ্য ম্যাচেস।কে জিতবে কে হারবে আগে থেকে বলতে চাওয়া বোকামি। ফলাফল যেকোনো দিকে যেতে পারে। কারণ, গত বৃহস্পতিবার রিকি পন্টিংয়ের পর্বতসম দৃঢ়তাপূর্ণ রকি ইনিংস দেখে ভেবেছিলাম অস্ট্রেলিয়াই বুঝি ম্যাচটা নিয়ে নিল, কিন্তু তাদের বোলাররা ডার্ট বোর্ডে যেভাবে আনাড়িরা শলা নিক্ষেপ করে, সেভাবে উইকেটে বল ছোড়াতে প্রথমে টেন্ডুলকার আর গম্ভীর, পরে যুবরাজ ও সুরেশ রায়না জুটি ম্যাচটি বের করে আনলেন, সঙ্গে সঙ্গে ভারত উপমহাদেশের ক্রিকেট একটি মহা-ট্র্যাজেডি থেকে রক্ষা পেল। কিন্তু এ ট্র্যাজেডি ঠেকানোর যে আর কোনো উপায় নেই। এবার একটি দল যে বাদই পড়বে। হায় রে!পাকিস্তানের টেন্ডুলকার নেই, কিন্তু ভারতের উমর গুলের মতো দ্রুতগতির বোলার নেই। শোয়েব খেলবেন কি না, জানি না। শোয়েব মাদ্রাজ কিংবা কলকাতায় একবার টেস্টে একটি অবিস্মরণীয় বলে টেন্ডুলকারের উইকেট উপড়ে ফেলেছিলেন। হরভজন ভালো বল ঘোরালেও, আফ্রিদির অফ স্পিনে নাকাল হচ্ছে সবাই। আমার চোখে ভারতের পক্ষে পাল্লা ভারী হলেও পাকিস্তানের অতিরিক্ত ক্রিকেটীয় সাহসের কারণে ৫০-৫০ রাখলাম। তবে আমি চাইব, খেলা যেন ১০০ ওভার পূর্ণ হয়। দর্শকদের পাওনাটা কড়ায়-গন্ডায় শোধ হওয়া উচিত, যে পাওনা থেকে ঢাকার দর্শকেরা বেভুল বাংলাদেশ আর ভাসমান ওয়েস্ট ইন্ডিজের দিশেহারা খেলার কারণে বঞ্চিত হয়।এবার নেলসনের আলোচনায় আসি। ১১১১১। বাংলাদেশের বিরুদ্ধে জ্যাক ক্যালিস যখন ব্যাট করতে ক্রিজে এলেন, তখন তাঁর একদিনের ক্রিকেটে রানসংখ্যা ছিল এটি। ক্রিকেটার লর্ড নেলসনকে অনুসরণ করে ইংরেজ আম্পায়ার ডেভিড শেফার্ড নিজে খেলা পরিচালনার সময়, কোনো দল যখন ১১১-তে পৌঁছাত তখন দুই পা একত্র করে একটা লাফ দিতেন। হলো এক নেলসন। ২২২ হলে তিনি দুবার লাফ দিতেন। হলো ডাবল নেলসন। তাহলে ক্যালিসের ১১১১১ দেখলে তিনি কতবার লাফ দিতেন?বৃহস্পতিবার টেন্ডুলকার যখন বল করতে এলেন রিকি পন্টিংকে, তখন হিসাব করে দেখলাম, দুজনের একদিনের রানসংখ্যা ৩১ হাজারের বেশি—টেন্ডুলকারের ১৮,০০৮ আর পন্টিংয়ের ১৩,২৮৮ রান। টেন্ডুলকার আবার শুধু বিশ্বকাপেই দুই হাজার রান করে ফেলেছেন।আজকে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যে বাঁচা-মরার লড়াই। ওয়েস্ট ইন্ডিজ যেভাবে ইংল্যান্ডের কাছে হেরেছিল, সেভাবে হয়তো শ্রীলঙ্কাও হারতে পারে। কারণ, ইংরেজরা জাতি হিসেবে খুব লড়াকু স্বভাবের। তারা ‘নাহি দেব সূচগ্র মেদিনীর’ মতো খেলে। তবে সাঙ্গাকারা, যিনি আমার চোখে এ টুর্নামেন্টে সবচেয়ে ধ্রুপদি ব্যাটিং করে যাচ্ছেন, তাঁর এ পারঙ্গম সময়ে ইংরেজ আক্রমণ ভোঁতা হয়ে যেতে পারে। আর বাঘ-চোখা মুরালিধরনের মুরলি যদি বেজে ওঠে, তখন কবি শক্তি চট্টোপাধ্যায়ের কাব্যচয়ন ধার করে বলতে হয়, ‘মোহন বাঁশীতে’ ইংল্যান্ডের মূল কেঁপে উঠবে।