সেমিফাইনালে ভারতকে পেল বাংলাদেশ
সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। দেখার ছিল সেমিফাইনালে প্রতিপক্ষ কাকে পায় স্বাগতিকেরা। গতকাল মালদ্বীপের বিপক্ষে জাহিদ হোসেনের একমাত্র গোলের জয় বলে দিল সোনার সন্ধানে ফাইনালে উঠতে আগামীকাল ভারত-বাধা পেরোতে হবে বাংলাদেশকে। ‘এ’ গ্রুপের রানার্সআপ ভারত। আর ‘বি’ গ্রুপে নিজেদের তিনটি ম্যাচই জিতে বাংলাদেশ হয়েছে চ্যাম্পিয়ন।দুই দলেরই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে আগেই। তাই দুই দলের কোচই দেখে নিতে চেয়েছিলেন তাঁর বেঞ্চের শক্তি। বাংলাদেশ যেমন গোলরক্ষক আমিনুল হকসহ ৬ জনকে বিশ্রাম দিয়েছিল আগের ম্যাচের প্রথম একাদশ থেকে, তেমনি মালদ্বীপ কোচও তাঁর সেরা খেলোয়াড় আশফাক আলীসহ বিশ্রাম দিয়েছিলেন চারজনকে।বেঞ্চের খেলোয়াড়দের এই লড়াইয়ে জয় হলো বাংলাদেশের। আর সেই জয়ের নায়ক হয়ে থাকলেন সাফ ফুটবলের পর এই টুর্নামেন্টেরও প্রথম দুটি ম্যাচে বেঞ্চে বসে থাকা জাহিদ। চোট কাটিয়ে এত দিন পর মাঠে নেমেই জয়সূচক গোল করলেন। আনন্দেই ভাসছেন তিনি। ‘এত দিন পর মাঠে ফিরেই গোল পেয়ে খুব ভালো লাগছে। আমি কখনোই নিজের কথা ভেবে মাঠে নামি না। দলের জন্যই খেলি। দল জিতেছে এতেই খুশি’—বলেছেন জাহিদ। কোচ জোরান জর্জেভিচও দলের জয়গানই গাইলেন, ‘আমরা টানা তিনটি ম্যাচ জিতেছি। এই জয়গুলো আমাদের প্রাপ্যই ছিল। সবাই খুব ভালো খেলছে। দলও জয় পাচ্ছে। আমার কাছে এটাই আনন্দের ব্যাপার।’ তবে জাহিদের কথা আলাদা করেই বললেন কোচ, ‘ও খুব প্রতিভাবান খেলোয়াড়। খুব পরিশ্রমীও।’ শুধু প্রশংসাবাণীতে না ভাসিয়ে জাহিদের ভালো খেলার পুরস্কারটাও সংবাদ সম্মেলনে সবার সামনেই দিয়ে দিয়েছেন কোচ—দুই গালে এঁকে দিয়েছেন স্নেহচুম্বন।জাহিদ আসলেই খুব ভালো খেলেছেন। খেলা শেষের মিনিট দশেক আগে কোচ তাঁকে তুলে নেওয়ার আগ পর্যন্ত ছিলেন দলের মাঝমাঠের প্রাণ হয়েই। তাঁর পরিকল্পিত খেলাই ছিল বাংলাদেশের কয়েকটি আক্রমণের উত্স। আর ৪৪ মিনিটে যে গোলটি করেছেন সেটিও অসাধারণ। মাঝমাঠ আর ডি-বক্সের মাঝামাঝি জায়গায় বল পেয়ে প্রথমে মালদ্বীপের এক ডিফেন্ডারকে শরীরের ঝটকায় পেছনে ফেলেছেন। পরে আরও দুজনকে কাটিয়ে বক্সে ঢুকে দারুণ এক ফ্লিকে ডান প্রান্ত দিয়ে বল ঠেলেছেন জালে। গোটা চারেক আক্রমণের পেছনে ছিলেন জিতু ও মিশু। যদিও এর কোনোটি গোলে অনূদিত হয়নি। ১৬ মিনিটে জিতুর দারুণ এক ক্রসে গোল করতে ব্যর্থ হন মিঠুন চৌধুরী। ২৩ মিনিটে মিশুর কর্নার থেকে হেড করেছিলেন রেজাউল করিম। কিন্তু গোলরক্ষক পরাস্ত হলেও গোললাইন থেকে বল ঠেকিয়ে দেন নাফিউ আলী। ফিরতি বলেও গোল হতে পারত। এবার বাধা হন মালদ্বীপ গোলরক্ষক। আগামীকাল ভারতের কাছে আটকে যাবে না তো বাংলাদেশের সোনার স্বপ্ন? জর্জেভিচ খুবই প্রত্যয়ী, ‘মোটেই না। আমরা অনেক ভালো খেলছি। তিন ম্যাচে ৮ গোল করেছি। আর খেলাও আমাদের নিজেদের মাঠে। ভারতের কাছে হারার প্রশ্নই আসে না। টেকনিক্যাল স্টাফ, খেলোয়াড়, মেডিকেল স্টাফ—সবাই মিলে আমরা প্রতিজ্ঞা করেছি, কঠিন পরিশ্রম করব।’এর আগে অনিল গুরাংয়ের জোড়া গোলে (২-০) ভুটানকে হারিয়েছে নেপাল। সেমিফাইনালে তারা মুখোমুখি হবে আফগানিস্তানের।