সেমিফাইনালে মোহামেডান
দুই সপ্তাহের ব্যবধানেই কি আরেকটি আবাহনী-মোহামেডান দ্বৈরথ দেখা যাবে? আবাহনী আজ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে জিতলেই সেমিফাইনালে তাদের পাবে মোহামেডান। গতকাল ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে মোহামেডান কোচ রুই ক্যাপেলা এবং অধিনায়ক জাহিদ হাসান এমিলিকে ঘুরেফিরে শুনতে হলো একই প্রশ্ন। দুজনই হেসে এড়িয়ে গেলেন প্রসঙ্গটা, ‘প্রতিপক্ষ হিসেবে যেকোনো দলকে পেলেই আমরা খুশি।’
মৌসুমসূচক ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়া মোহামেডান উঠে গেল স্বাধীনতা কাপের সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে কাল মুক্তিযোদ্ধাকে হারাল তারা বেইবেকের একমাত্র গোলে।
৪৪ মিনিটে জাহিদের ফ্রি-কিক থেকে লাফিয়ে উঠে হেডে গোল করেন ক্যামেরুনিয়ান ডিফেন্ডার। পিছিয়ে পড়া মুক্তিযোদ্ধা গোল শোধে হন্যে হয়েও গোলের দেখা পায়নি, দ্বিতীয়ার্ধে মোহামেডান রক্ষণের ‘চীনের প্রাচীর’ ভাঙতে পারেনি। শেষ দুই মিনিটে অবশ্য দু-দুবার হ্যান্ডবলের দাবি করে মুক্তিযোদ্ধা। বক্সের মধ্যে প্রথমটি হেমন্তের হাতে লাগে, দ্বিতীয়টি বেইবেকের। রেফারি জসিম উদ্দিন দুবারই দিলেন বিতর্কিত সিদ্ধান্ত। প্রথমবার এড়িয়ে দ্বিতীয়বার বাঁশি ঠিকই বাজালেন, কিন্তু বক্সের বাইরে! সানডের ফ্রি-কিক যায় বারের ওপর দিয়ে। রেফারির কড়া সমালোচনা করতে করতেই মাঠ ছেড়েছেন মুক্তিযোদ্ধা কোচ শফিকুল ইসলাম।