সেমিফাইনালে শ্রীলঙ্কা
শুধু অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার ভাগ্যই নয়। চ্যাম্পিয়নস ট্রফিতে কাল এই দুই দলের লড়াইয়ে সেমিতে যাওয়ার ভাগ্য জড়িয়ে ছিল নিউজিল্যান্ডেরও। কিন্তু না অস্ট্রেলিয়া, না নিউজিল্যান্ড—গ্রুপ ‘এ’ থেকে ইংল্যান্ডের সঙ্গে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। কাল ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ রানের জয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে উঠেছে লঙ্কানরা।প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তোলে ২৫৩ রান। ম্যাচের এক অর্ধ শেষে সেমিতে যাওয়ার জন্য অস্ট্রেলিয়ার সামনে সমীকরণ দাঁড়ায় এই—২৯.১ ওভারেই জিততে হবে ম্যাচ। কিন্তু এই নির্ধারিত ওভারে জিততে না পারায় খেলা শেষের আগেই বিদায় নিশ্চিত হয়ে যায় সর্বশেষ দুবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। ২৯.১ ওভারের পরেও অস্ট্রেলিয়া জিততে পারলে সেটি তাদের কাজে না আসলেও আসত নিউজিল্যান্ডের— শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে সেমিতে জায়গা করে নিত তারাই। কিন্তু সে সুযোগই দেয়নি শ্রীলঙ্কা। ৮০ রানে অস্ট্রেলিয়ার ৫ উইকেট তুলে নিয়ে জয় একরকম নিশ্চিত করে ফেলে তারা। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে যেতে হলে অস্ট্রেলিয়াকে ১৬৫ রানের কমে বেঁধে ফেলতে হতো তাদের। অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত করেছে ২৩৩ রান।ম্যাচের শুরুটা ছিল বিস্ফোরক। মিচেল জনসনের করা ম্যাচের প্রথম বলেই কুশল পেরেরার চার, পরের বলে চার লেগ বাই থেকে, তৃতীয় বলেই পেরেরাকে ফিরিয়ে জনসনের প্রতিশোধ। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সাঙ্গাকারাকেও দ্রুত তুলে নেয় অস্ট্রেলিয়া। তৃতীয় উইকেটে ৭২ রানের জুটিতে ধাক্কাটা সামাল দেন দিলশান ও থিরিমান্নে। চারে নেমে থিরিমান্নে করেছেন দারুণ এক ফিফটি। বেশ কিছুদিন বড় রানের দেখা না পাওয়া জয়াবর্ধনে (৮১ বলে অপরাজিত ৮৪) ঠিকই জ্বলে উঠেছেন প্রয়োজনের সময়। অষ্টম ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন ১১ হাজার ওয়ানডে রান, ৮১ বলে ৮৪ রানের দারুণ এক ইনিংস খেলে দলকে পার করিয়েছেন আড়াই শ। তথ্যসূত্র: স্টার ক্রিকেট ও ক্রিকইনফো।সংক্ষিপ্ত স্কোরশ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৫৩/৮ (পেরেরা ৪, দিলশান ৩৪, সাঙ্গাকারা ৩, থিরিমান্নে ৫৭, জয়াবর্ধনে ৮৪*, ম্যাথুস ১২, চান্ডিমাল ৩১, কুলাসেকারা ৬, হেরাথ ২, মালিঙ্গা ২*; জনসন ৩/৪৮, ডোহার্টি ১/৩০, ম্যাকাই ১/৫১, ফকনার ১/৬০)।অস্ট্রেলিয়া: ৪২.৩ ওভারে ২৩৩ (ওয়াটসন ৫, হিউজ ১৩, ম্যাক্সওয়েল ৩২, বেইলি ৪, ভোজেস ৪৯, মার্শ ৪, ওয়েড ৩১, ফকনার ১৭, জনসন ৪, ম্যাকাই ৩০, ডোহার্টি ১৫*; এরাঙ্গা ১/৪০, কুলাসেকারা ৩/৪২, মালিঙ্গা ১/৬০, হেরাথ ১/৪৮, ম্যাথুস ১/২১, দিলশান ১/১১)।ফল: শ্রীলঙ্কা ২০ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: মাহেলা জয়াবর্ধনে।