সেমিফাইনালে স্পেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর নামও জাভি, জাভি আলোনসো। কিন্তু আরেক জাভি, জাভি হার্নান্দেজের পাশে ম্লানই দেখাত তাঁকে। জাভি হার্নান্দেজের শৈল্পিক ফুটবলের পাশে নিতান্তই শ্রমিক এই মিডফিল্ডার। কিন্তু কাল দানেৎস্কে তৃতীয় কোয়ার্টার ফাইনালের সবটুকু আলো নিজের দিকেই টেনে নিলেন জাভি আলোনসো। স্পেনের জার্সি গায়ে নিজের শততম ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন দুই গোল করে। রিয়াল মাদ্রিদের এই তারকার দুই গোলেই ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। কালকের আগে ফ্রান্সের বিপক্ষে ছয়টি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি বিশ্ব চ্যাম্পিয়নরা। রবার্ট ব্রুসের মতো সপ্তমবারে এসেই সেই গেরো খুলল ভিসেন্তে দেল বস্কের বিশ্বজয়ীরা। প্রথমার্ধের ১৯ মিনিটে আলোনসোর করা গোলটি ছিল দারুণ একটি সমন্বিত আক্রমণের ফসল। আন্দ্রেস ইনিয়েস্তার কাছ থেকে বল পেয়ে স্প্যানিশ লেফটব্যাক জর্দি আলবা ফ্রান্সের রক্ষণভাগকে ভেঙেচুরে ক্রস বাড়িয়েছিলেন আলোনসোর দিকে। আলোনসোর মাথা গোলপোস্ট খুঁজে পেতে ভুল করেনি। এরপর ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে ফরাসিদের কফিনে শেষ পেরেকটি ঠোকেন ওই আলোনসোই। আগামী বুধবার প্রথম সেমিফাইনালে পর্তুগালের বিপক্ষে এই দানেৎস্কেই খেলবে স্পেন। রয়টার্স।