সেমিফাইনালেই থামল জুভেন্টাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ বাঁশি বাজার পর উল্লাসে মেতেছেন বেনফিকার খেলোয়াড়েরা। সেমিফাইনালে জুভেন্টাসকে পরাস্ত করে ইউরোপা লিগের ফাইনালে উঠেছে বেনফিকা। ছবি: রয়টার্স
শেষ বাঁশি বাজার পর উল্লাসে মেতেছেন বেনফিকার খেলোয়াড়েরা। সেমিফাইনালে জুভেন্টাসকে পরাস্ত করে ইউরোপা লিগের ফাইনালে উঠেছে বেনফিকা। ছবি: রয়টার্স

জুভেন্টাসের মাঠেই অনুষ্ঠিত হবে এবারের ইউরোপা লিগের ফাইনাল। নিজেদের মাঠে শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠার সুবর্ণ সুযোগই ছিল জুভেন্টাসের সামনে। কিন্তু ফাইনাল পর্যন্ত আর যাওয়া হলো না ইতালির শীর্ষ এ ক্লাবটির। পর্তুগিজ ক্লাব বেনফিকার কাছে হেরে সেমিফাইনালেই থামতে হলো জুভেন্টাসকে। দুই লেগ মিলিয়ে ২-১ গোলের জয় দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বেনফিকা। ১৪ মে জুভেন্টাস স্টেডিয়ামে শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে স্প্যানিশ ক্লাব সেভিয়ার মুখোমুখি হবে বেনফিকা।
ফাইনাল নিশ্চিত করার জন্য অতি রক্ষণাত্মক কৌশলই নিয়েছিলেন বেনফিকার কোচ হোর্হে জেসাস। প্রথম লেগে ২-১ গোলে জয়ের পর জুভেন্টাসের মাঠে দ্বিতীয় লেগের খেলায় ‘গোল ঠেকাও’ মন্ত্রই ঢুকিয়ে দিয়েছিলেন শিষ্যদের মাথায়। সেই দায়িত্ব বেশ ভালোমতোই পালন করেছেন বেনফিকার খেলোয়াড়েরা। জুভেন্টাসের গোলপোস্ট লক্ষ্য করে মাত্র দুইবার শট নিয়েছে পর্তুগিজ এ ক্লাবটি। অন্যদিকে প্রতিপক্ষের রক্ষণভাগে বারবার হামলা চালিয়েও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি জুভেন্টাস। ম্যাচের শেষ ২৩ মিনিট বেনফিকাকে খেলতে হয়েছে ১০ জনের দল নিয়ে। ৬৭ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বেনফিকার মিডফিল্ডার এনজো পেরেজ। কিন্তু এই সুবিধাটাও কাজে লাগাতে পারেনি জুভেন্টাস। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়েছে গোলশূন্যভাবে। বেনফিকার এই রক্ষণাত্মক কৌশলে চরম বিরক্তিই প্রকাশ করেছেন জুভেন্টাসের কোচ অ্যান্টোনিও কোন্তে, ‘তারা ফাইনালে যাচ্ছে ঠিকই, কিন্তু আমার মনে হয় না এটা তাদের প্রাপ্য ছিল। আমরা পুরো ম্যাচে শুধু গোলই পাইনি। আর তারা দুই লেগ মিলিয়ে মাত্র দুইবার আমাদের গোলপোস্ট লক্ষ্য করে শট নিতে পেরেছে।’

তবে বেনফিকা জুভেন্টাসের চেয়ে ভালো খেলেই ফাইনালে উঠেছে বলে দাবি করেছেন কোচ জেসাস, ‘প্রথম লেগে এগিয়ে থাকার সুবিধাটা আমরা খুব ভালোভাবে কাজে লাগাতে পেরেছি। আমরা ফাইনালে উঠতে পেরেছি। কারণ আমরা জুভেন্টাসের চেয়ে ভালো খেলেছি।’

বেনফিকা এর আগে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল ১৯৬১-৬২ মৌসুমে। এরপর চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ মিলিয়ে মোট সাতবার ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি। এবার তাদের দুর্ভাগ্য কাটবে কি না, সেটাই দেখার বিষয়।— রয়টার্স