সেমিফাইনালেই ভাঙল হৃদয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লান্ত, বিষণ্ন একগুচ্ছ মুখ। চোখে টলমল করছিল স্বপ্নভঙ্গের জল। শুরু থেকেই হৃদয়-সাগররা যে জয়রথ ছুটিয়েছিলেন রোলবল বিশ্বকাপে, সেটি যে থেমে গেল অবশেষে। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোরে সেমিফাইনালে কাল ইরান হারিয়ে দিয়েছে বাংলাদেশকে। ১১-৩ গোলে জিতে টানা তৃতীয়বারের মতো তারা ফাইনালিস্ট।
সেমিফাইনালের পর স্থান নির্ধারণী ম্যাচেও হতাশা। কেনিয়ার কাছে ৭-১ গোলে হেরে বিশ্বকাপে শেষ পর্যন্ত চতুর্থ বাংলাদেশ। এটিই যদিও বিশ্ব আসরে বাংলাদেশের সেরা সাফল্য। এর আগে গতবার হয়েছিল সপ্তম।
পুরুষ ও মহিলা দুই বিভাগেই যথারীতি ভারতের আধিপত্য। দুই বিভাগেই ফাইনালে ইরানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত। পুরুষ বিভাগে ৮-৭ গোলে জিতে ভারত ‘হ্যাটট্রিক’ চ্যাম্পিয়ন। মেয়েদের ফাইনালটা ভারত জিতেছে ৬-৪ গোলে।
টুর্নামেন্ট শুরুর আগে কেউ ভাবতে পারেনি বাংলাদেশ বিশ্বকাপে এতটা ভালো খেলবে। প্রতিটি ম্যাচে দুর্দান্ত খেলে বাংলাদেশের স্বপ্নের পরিধিকে প্রতিদিনই একটু একটু করে বাড়িয়েছেন খেলোয়াড়েরা। একসময় তো মনে হচ্ছিল, বাংলাদেশের ছেলেরা ফাইনালেই চলে যাবে। কিন্তু শেষ পর্যন্ত ইরানের কাছে সেমিফাইনালে হলো স্বপ্নভঙ্গ।
বাংলাদেশ হেরেছে ইরানের কৌশল ও অভিজ্ঞতার কাছে। এমনিতেই শারীরিকভাবে অনেক এগিয়ে দীর্ঘদেহী ইরানিদের দল। সেই তুলনায় খর্বাকৃতির বাংলাদেশের খেলোয়াড়দের ভুল পাস, পেনাল্টি নষ্ট করার মাশুলও গুনতে হয়েছে। ইরানের খেলোয়াড়েরা ডি-বক্সের সামনে গড়ে তুলেছিলেন দুর্ভেদ্য প্রাচীর। বাংলাদেশ সামর্থ্যের শতভাগ চেষ্টা করেও সেই প্রাচীরকে টলাতে পারেনি। এর মধ্যেও বাংলাদেশের হয়ে হৃদয়ের তিনটি গোল করা কম কৃতিত্বের নয়। ২৯ গোল করে বাংলাদেশের সর্বোচ্চ গোলদাতা এই কিশোর।
ম্যাচ শেষে বাংলাদেশের ভারতীয় কোচ সুনীল ধাগে তাঁর খেলোয়াড়দের প্রশংসাই করে গেলেন শুধু, ‘ইরান গত বিশ্বকাপের রানার্সআপ। ওদের সঙ্গে সামর্থ্যের চেয়েও ভালো খেলেছে ছেলেরা। আমি এদের খেলায় মুগ্ধ। ছোট ছোট ভুল ওরা করেছে। কারণ ওদের বড় দলের সঙ্গে খেলার অভিজ্ঞতা কম। এখন বিশ্বের ৪০টি দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ। এটাও বড় এক অর্জন।’