সেমিফাইনালেই 'ফাইনাল' উত্তাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভরদুপুর। আবাহনী ক্লাবের নিচতলা। নিজের কক্ষে গান শুনছিলেন গোলরক্ষক সোহেল। পাশেই আধশোয়া অবস্থায় ডিফেন্ডার ভাসানী। গানটা উপভোগ করছিলেন ভালোই। একটু পর শুরু অনুশীলন।

ওপরতলায় অন্য দৃশ্য। গত ম্যাচে হালকা চোট পাওয়া সুজন পায়ে ব্যথানাশক ওষুধ লাগাচ্ছিলেন। আরমান আজিজ, নজরুল, প্রাণতোষরা ব্যস্ত আড্ডায়। ব্যতিক্রম লিওনিলদো সুয়ারেজ। ঘুম থেকে উঠে অনুশীলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এই পর্তুগিজ।

ঘরোয়া ফুটবলে আজ আরেকটি আবাহনী-মোহামেডান ‘এল-ক্লাসিকোর’ উত্তাপটা টের পেয়েছেন সুয়ারেজ? প্রশ্ন শুনে উত্তর, ‘হ্যাঁ, উত্তাপ টের পেয়েছি। আগের ম্যাচের মতোই নিজের সেরাটা খেলব। আবাহনীকে চ্যাম্পিয়ন করতে চাই।’

এই মৌসুমে এ পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ফেডারেশন কাপের গ্রুপ পর্বে জয়ী আবাহনী। বাকি দুটি ম্যাচ ড্র—একটি লিগে, অন্যটি এই স্বাধীনতা কাপেরই গ্রুপ পর্বে। তবে আজকের ম্যাচের গুরুত্ব আলাদা। আজ স্বাধীনতা কাপের ফাইনালে ওঠার লড়াই, যেখানে প্রথম দল হিসেবে উঠে সবাইকে চমকে দিয়েছে ফেনী সকার।

মোহামেডানের বড় শক্তি দুই বিদেশি স্টপার বেইবেক ও হেনরি। তুলনায় আবাহনীর রক্ষণে ফাঁক রয়ে গেছে। আবাহনীর গোলরক্ষক সোহেল জ্বরের কারণে শেখ জামালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলতে পারেননি। আজও হয়তো পোস্টের নিচে শাকিলের ওপর আস্থা রাখতে পারেন কোচ পোরমুসলিমি। সাদা-কালোর ফরোয়ার্ড লাইনে নেই কোনো বিদেশি। ভরসা এমিলি ও সবুজ। মোহামেডানের যেখানে দুর্বলতা, সেখানেই এগিয়ে আবাহনী। টুর্নামেন্টে শেখ জামালের বিপক্ষে অভিষেকেই জোড়া গোল করা সুয়ারেজ নজর কেড়েছেন ভালোই। সঙ্গী ওসেই মরিসন তো পরীক্ষিতই। দুজনের বোঝাপড়া জমলে  মোহামেডানের রক্ষণের জন্য বিপদই।

লড়াইটা দুই বিদেশি কোচেরও। আবাহনীর ইরানি কোচ আলী আকবর পোরমুসলিমি এ দেশের ফুটবলের অভিজ্ঞতায় এগিয়ে মোহামেডানের পর্তুগিজ কোচ রুই ক্যাপেলার চেয়ে। তবে ক্যাপেলা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন।

আবাহনীর জন্যও এই ম্যাচ অন্য রকম চ্যালেঞ্জ নিয়ে হাজির। সর্বশেষ টানা চারটি টুর্নামেন্টে ফাইনালে উঠতে পারেনি আকাশি-নীলেরা। মোহামেডান গত মৌসুমে সুপার কাপ ঘরে তুলেছে। এবার ফেডারেশন কাপে ব্যর্থ হলেও স্বাধীনতা কাপ জয়ের সুযোগ নিতে মরিয়া ক্যাপেলার দল। আজ আবাহনী-বাধা পেরিয়ে ফাইনালে উঠতে পারলে ট্রফি জয়ের সম্ভাবনা বেড়ে যাবে অনেক। ফেনী সকারকে হারিয়ে কাপ জয় তুলনামূলক সহজই হবে। একই কথা প্রযোজ্য আবাহনীর ক্ষেত্রেও। সেমিফাইনালই দুদলের কাছে হয়ে গেল ‘ফাইনাল!’