সেমিফাইনালেও সেই নেইমার
ব্রাজিল দলের ‘প্রাণভোমরা’ বলা হয় নেইমারকে। বার্সা ফরোয়ার্ড খেলছেন ঠিক প্রাণভোমরার মতোই। টানা তৃতীয়বারের মতো ব্রাজিলের কনফেডারেশনস কাপের ফাইনালে ওঠার পেছনে সবচেয়ে বেশি অবদান তাঁরই।গ্রুপ পর্বে নিজেদের তিন ম্যাচে তিন গোল। প্রতিটিতেই জিতেছেন ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার। জাপানের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র তিন মিনিটের মধ্যে ব্রাজিলকে এগিয়ে দেন নেইমার। মেক্সিকোর বিপক্ষে ম্যাচেও প্রথম গোলটি তাঁর। দলের বাকি গোলটাতেও তাঁর অবদান ছিল। ইতালির বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও গোলবঞ্চিত থাকেননি নেইমার।গ্রুপ পর্বের তিন ম্যাচের প্রতিটিতেই গোল করেছেন নেইমার। গত রাতে উরুগুয়ের বিপক্ষে সেমিফাইনালে অবশ্য গোলের দেখা পাননি। শুধু এটুকু বললে ব্রাজিলীয় ফরোয়ার্ডের প্রতি ‘অবিচার’ই করা হবে। কারণ, ব্রাজিল ২-১ গোলে জিতে ফাইনালে উঠেছে তাঁর নৈপুণ্যেই। দলের দুই গোলের দুটিতেই অবদান ছিল তাঁর। গ্রুপ পর্বের দুরন্ত নেইমারকেই দেখা গেছে শেষ চারের লড়াইয়ে।গোলের দেখা পাননি, তবে আক্ষেপ নেই নেইমারের। দল জিতেছে, এটাই তাঁর কাছে বড় কিছু। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তা প্রকাশও করেছেন বর্তমান সময়ের অন্যতম প্রতিভাবান এই ফুটবলার, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সতীর্থদের সহায়তা করা, দলকে জয় এনে দেওয়া।’