সেমিফাইনালের জন্য সতর্ক উরুগুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকেই দুই ফেভারিট স্বাগতিক আর্জেন্টিনা ও ব্রাজিলের বিদায়ের পর এখন উরুগুয়েকেই শিরোপার অন্যতম প্রধান দাবিদার হিসেবে বিবেচনা করছে অনেকে। ফাইনালের টিকিট পাওয়ার জন্য আগামীকাল পেরুর মুখোমুখি হবে ১৪ বারের শিরোপাজয়ীরা। তবে যেভাবে একে একে আর্জেন্টিনা, ব্রাজিলের মতো ফুটবল পরাশক্তিদের বিদায় নিতে হয়েছে, তাতে এখন সেমিফাইনালের জন্য অনেক সতর্ক থাকতে চাচ্ছেন উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ।গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমি নিজেদেরকে ফেভারিট বলতে চাই না। প্রতিবারই এটা ভুল প্রমাণিত হয়। সেমিফাইনালের চারটা দলেরই শিরোপা জয়ের ভালো সুযোগ আছে। প্যারাগুয়ে, পেরু আর ভেনেজুয়েলা নিশ্চয়ই বলবে না যে, ‘এ পর্যন্তই থাক। আমরা অনেক দূর এসেছি। পেরু লাতিন আমেরিকার অন্যতম সেরা দল। আমরা তাদের বিপক্ষে অনেক সতর্কভাবে খেলার চেষ্টা করব।’ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পেরুর বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছিল গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা।এবারের শিরোপাটা জিততে পারলেই আর্জেন্টিনাকে পেছনে ফেলে সর্বোচ্চ ১৫ বারের মতো কোপা আমেরিকা শিরোপা জয়ের গৌরব অর্জন করবে উরুগুয়ে। তবে আক্রমণভাগ নিয়ে কিছুটা চিন্তাতেই থাকতে হবে উরুগুয়ের সমর্থকদের। গত ম্যাচে লাল কার্ড দেখায় সেমিফাইনালে খেলতে পারবেন না ডিয়েগো পেরেজ। আর এডিনসন কাভানিও ইনজুরির কারণে মাঠে নামতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত না। রয়টার্স।