সেমিফাইনালের পথে রিয়াল মাদ্রিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্রই মাঝপথ পেরিয়েছে লা লিগা। এরই মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১৮ পয়েন্ট পিছিয়ে রিয়াল মাদ্রিদ। এই মৌসুমে লা লিগা জয়ের স্বপ্নটা হোসে মরিনহোর দলের প্রায় শেষই হয়ে গেছে। রিয়াল এখন স্বপ্ন দেখতে পারে শুধু উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও কোপা ডেল রে নিয়েই। পরশু কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে কোপা ডেল রের সেমিফাইনালের পথে এক পা এগিয়েছে স্পেনের সফলতম দল।করিম বেনজেমার ৩৭ মিনিটের গোলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল। বার্নাব্যুতে ৭৩ মিনিটে আত্মঘাতী গোল করে রিয়ালকে দ্বিতীয় গোলটি উপহার দেন ভ্যালেন্সিয়ার মেক্সিকান ডিফেন্ডার আন্দ্রেস গারদাদো। ভ্যালেন্সিয়ার গোলরক্ষক ভিসেন্তে গাইতা ক্রিস্টিয়ানো রোনালদোর দু-দুটি শট অসাধারণ দক্ষতায় ফিরিয়ে না দিলে ব্যবধানটা দ্বিগুণও হতে পারত। অবশ্য সহজ গোলের সুযোগ নষ্ট করেছে ভ্যালেন্সিয়াও।ফিরতি ম্যাচ ভ্যালেন্সিয়ায়, ২৩ জানুয়ারি। লিডটা ধরে রাখতে পারলেই সেমিফাইনাল, যেখানে প্রতিপক্ষ হয় বার্সেলোনা অথবা মালাগা। কিন্তু রিয়াল অধিনায়ক ইকার ক্যাসিয়াস জানেন সামনের পথটা মসৃণ নয়, ‘আমরা জানি, কোপার পথটা আমাদের জন্য জটিল। এই পর্ব পেরোতে পারলেই বার্সেলোনা বা মালাগা, দারুণ! তবে এই জয় আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। সাহায্য করছে লিগের যন্ত্রণাটা ভুলতেও।’ এএফপি, রয়টার্স।