সেমির আগে আত্মবিশ্বাসী শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত মোনেম মুন্না ১৯৯১ সালে কলকাতার মাঠ মাতিয়েছিলেন ইস্ট বেঙ্গলের হয়ে। বাংলাদেশের আরও অনেকেই খেলেছেন পশ্চিমবঙ্গে। কিন্তু এখনো ভারতে বাংলাদেশের ফুটবলের বড় বিজ্ঞাপন মুন্না। মূলত তাঁর জন্যই এপার বাংলার জন্য ইস্ট বেঙ্গল সমর্থকদের অন্য রকম টান। কিন্তু সেই ইস্ট বেঙ্গলের সমর্থকেরাই আজ বাংলাদেশ-বিরোধী। আইএফএ শিল্ডের সেমিফাইনালে যে তাদের প্রতিপক্ষ বাংলাদেশের ক্লাব শেখ জামাল ধানমন্ডি!
ভিসা জটিলতায় শেখ জামালের ভারত-যাত্রাই ছিল অনিশ্চিত। শেষ পর্যন্ত ভিসা পেয়ে শিল্ডে খেলছে জামাল, খেলছে দাপটে। গ্রুপ পর্বে কলকাতা মোহামেডানের কাছে হারটা বাদ দিলে বাকি দুটি ম্যাচ দুর্দান্ত খেলেছে ফেডারেশন কাপের চ্যাম্পিয়নরা। সিকিম ইউনাইটেডের পর হারিয়েছে শতবর্ষী প্রাচীন মোহনবাগানকে। কোচ যোশেফ আপুসির এবারের মিশন ইস্ট বেঙ্গল। খেলোয়াড়দের উদ্দীপ্ত করতে ক্লাব
কর্মকর্তারা বোনাস ঘোষণা করেছেন। ইস্ট বেঙ্গলকে হারাতে মামুনুলরাও তাই তেতে আছেন।
পরশু শুধুই জিম করেছেন ফুটবলাররা। কিন্তু কাল ঝামেলা হয়েছে অনুশীলনে গিয়ে। আয়োজকেরা প্রায় পৌনে এক ঘণ্টা যুবভারতী স্টেডিয়ামে দাঁড় করিয়ে রাখে শেখ জামালকে। বিদেশের মাটিতে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়াটা অবশ্য অভ্যাসেই পরিণত হয়েছে বাংলাদেশের ফুটবলারদের। অধিনায়ক মামুনুল ইসলাম মুঠোফোনে কলকাতা থেকে বলছিলেন, ‘আমাদের জন্য এটা নতুন কিছু না। মাঠ সমস্যা, হোটেল সমস্যা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। এখানে এসে ন্যাড়া মাঠেও প্র্যাকটিস করতে হয়েছে।’ তবে এসব ফেলে আজকের ম্যাচেই সবার মনোযোগ। সন্ধ্যায় টিম মিটিংয়ে যাওয়ার আগে বলছিলেন, ‘টিম মিটিংয়ে ম্যাচের কৌশল নিয়েই গুরুত্বপূর্ণ আলোচনা হবে।’
ইস্ট বেঙ্গল শিল্ডের ৩০ বারের চ্যাম্পিয়ন। সর্বশেষ জিতেছে ২০১২ সালে। আই লিগে বর্তমানে সপ্তম। এই ইস্ট বেঙ্গলকে হারানো যে সহজ হবে না তা ভালোই জানেন মামুনুল। তাই বলে মোটেও সাহস হারাচ্ছেন না, ‘প্রতিপক্ষ যে-ই হোক, ফাইনালে যেতে হলে আমাদের জিততেই হবে। খেলোয়াড়েরা সবাই আত্মবিশ্বাসী। মাঠে শতভাগ উজাড় করে দেওয়ার জন্য উন্মুখ হয়ে সবাই। আমাদের সবচেয়ে বেশি উৎসাহ দিচ্ছেন সভাপতি কাদের ভাই (মনজুর কাদের)।’
জামালের আক্রমণভাগের দুই বিদেশি সনি নর্দে ও এমেকা দারুণ ফর্মে। ফ্রি-কিকে মোহনবাগানের বিপক্ষে সনি করেছেন বিশ্বমানের এক গোল। মাঝমাঠে সেনাপতি মামুনুলও প্রস্তুত। তবে জামালের রক্ষণটা বেশ নড়বড়ে। আপুসি অবশ্য স্থানীয়দের ওপরই আস্থা রাখছেন, ‘এই টুর্নামেন্টে পাঁচ বিদেশি খেলানোর কথা ছিল। কিন্তু আয়োজকেরা নিয়ম করে দিয়েছে তিনজনের বেশি বিদেশি খেলানো যাবে না। এতে সমস্যায় পড়েছি আমরা। আমাদের বিদেশি স্টপারই খেলানোর কথা ছিল। কিন্তু সেটা পারছি না। এখন স্থানীয়রাই ভরসা।’
ইস্ট বেঙ্গল কোচ আর্মান্দো কোলাসো আগেই জোর গলায় বলেছেন, তাঁর ফুটবলাররা শিল্ডে যা খেলছে তাতে কোনো দল নিয়েই চিন্তা করছেন না। তার পরও এই ম্যাচকে হালকাভাবে নিচ্ছেন না, ‘ধানমন্ডি ক্লাব নিঃসন্দেহে শক্তিশালী। ভালো খেলেছে গ্রুপ পর্বের ম্যাচগুলো। তাই বলে আমরাও ছেড়ে দেব না। ওদের হারিয়ে ফাইনাল খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী আমরা।’
ইস্ট বেঙ্গলের স্ট্রাইকার জেমস মগা খেলে গেছেন মুক্তিযোদ্ধায়। বাংলাদেশের ফুটবল সম্পর্কে ভালোই ধারণা আছে তাঁর। তবে ইস্ট বেঙ্গলের যেমন আছে মগা, শেখ জামালেরও আছে নর্দে। আজকের দিনটা কার হবে?