সেমির আশা জাগিয়ে রাখল নাইটরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোণঠাসা অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য। কাল তা আরও একবার দেখল ইডেন গার্ডেন। প্রথমে ব্যাট হাতে ৪৬ বলে ৮ চার ও এক ছয়ে করলেন ৫৬ রান। তারপর ম্যাচের মোড় ঘোরানো দুর্দান্ত একটি রান আউট এবং একটি ক্যাচ। দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে দলকে ১৪ রানের জয় এনে দিয়ে ম্যাচসেরার পুরস্কারটাও কাল ছিনিয়ে নিয়েছেন সৌরভ গাঙ্গুলী।শুরুতে সৌরভের সঙ্গে গেইলের (২১ বলে ৫টি চার ও ২টি ছয়ে ৪০) ঝড়ো ব্যাটিং। তারপর ২৮ বলে ম্যাথিউসের অপরাজিত ৪৬ নাইটের স্কোর নিয়ে যায় ২০ ওভারে ৩ উইকেটে ১৮১।দ্বিতীয় উইকেটে বীরেন্দর শেবাগ (৪০ বলে ৬৪) ও গৌতম গম্ভীর (২৯ বলে ৪৭) এগারোতম ওভারে দলকে এক শর চৌকাঠে নিয়ে গেলে ম্যাচ হেলে পড়ে দিল্লির দিকে। তখনই গম্ভীরকে রান আউট করলেন সৌরভ, নিলেন যাদবের ক্যাচ। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৬৭ রানে থামতে হয় দিল্লিকে।এই জয়ে আইপিএলের সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে টিকে রইল কলকাতা নাইট রাইডার্স। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১০। সমান ম্যাচে দিল্লির ১২। কাল অন্য ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৯ উইকেটে হারিয়ে রাজস্থান রয়্যালস ১১ ম্যাচে পেল ১২ পয়েন্ট। তলানিতে থাকা পাঞ্জাবের ১০ ম্যাচে পয়েন্ট মাত্র ৪।