সেমির আশা বাঁচিয়ে রাখল বিজেএমসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বল আরামবাগের সঙ্গে আগের ম্যাচে করেছিল গোলশূন্য ড্র। স্বাধীনতা কাপ ফুটবলে শুরুতেই হোঁচট খাওয়া বিজেএমসি কাল আর অঘটনের শিকার হয়নি। কমলাপুরে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়ে কোচ জাকারিয়া বাবু ছিলেন বেশ হাসিখুশি। এই জয়ে সেমিফাইনালে যাওয়ার আশাও বেঁচে থাকল বিজেএমসির। ১ ড্র ও ১ জয় নিয়ে ‘সি’ গ্রুপে মুক্তিযোদ্ধার সঙ্গে সমান ৪ পয়েন্ট তাদের। আর হেরে স্বাধীনতা কাপ থেকেই ছিটকে পড়ল চট্টগ্রাম আবাহনী।ফরোয়ার্ডদের ব্যর্থতায় আগের ম্যাচে জিততে পারেনি বিজেএমসি। তবে কাল তারা জিতল দাপটের সঙ্গে। প্রথমবারের মতো বিজেএমসির জার্সি গায়ে দিয়েই গোল করলেন অ্যালেন। এইডস-আক্রান্ত রশিদের বদলি হিসেবে বিজেএমসিতে যোগ দেন এই নাইজেরিয়ান। গত মৌসুমে শেখ জামালের হয়ে খেলা অ্যালেন কাল ৪ মিনিটে চট্টগ্রাম আবাহনীর রক্ষণের ভুলে গোলরক্ষক সেলিমউল্লাহর মাথার ওপর দিয়ে বল তুলে দেন জালে (১-০)। ২৩ মিনিটেই সমতায় ফিরতে পারত চট্টগ্রাম আবাহনী। সোহেল মিয়ার বাঁ পায়ের জোরালো শট ঠেকিয়ে দেন বিজেএমসি গোলরক্ষক আমিনুল, যিনি আগের ম্যাচে চোট পেয়েছিলেন থুতনিতে।দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক খেলেছে বিজেএমসি। ৫৬ মিনিটে চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক সেলিমের পোস্ট ছেড়ে বেরিয়ে আসার সুযোগ লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন বাঙ্গুরা (২-০)। আরও বড় জয়ই পেতে পারত বিজেএমসি। কিন্তু শেষ দিকে অ্যালেন ও তপু নষ্ট করেছেন গোল করার দুটি সহজ সুযোগ। এখন সেমিফাইনালে যেতে হলে পরের ম্যাচে মুক্তিযোদ্ধার বিপক্ষে জিততেই হবে বিজেএমসিকে।আজকের খেলা: মোহামেডান-শেখ জামাল (বেলা ৩-১০ মি., কমলাপুর)।