সেমির দোরগোড়ায় রিয়াল মাদ্রিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারুণ এক জয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলল রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা ও গঞ্জালো হিগুয়েইনের তিন গোলে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তুর্কি ক্লাব গ্যালাতেসারেকে উড়িয়ে দিয়ে ইউরোপ-সেরা হওয়ার লড়াইয়ে এক পা বাড়িয়েই রাখল ‘লস ব্ল্যাঙ্কোস’রা।সান্তিয়াগো বার্নাব্যুর এই লড়াইয়ে রিয়াল মাদ্রিদের সামনে দাঁড়াতেই পারেনি গ্যালাতেসারে। প্রথমার্ধে রোনালদো ও বেনজেমার গোলে (২-০) এগিয়ে থাকা মাদ্রিদ জয় নিশ্চিত করে ৭৩ মিনিটের সময় গঞ্জালো হিগুয়েইনের দারুণ এক গোলে।হোসে মারিনহো কাল রিয়ালের প্রথম একাদশে হিগুয়েইনকে রাখেননি। তাঁর বদলে শুরুর একাদশে ছিলেন করিম বেনজেমা। আলভারো আরবেলোয়ার বদলে মাঠে নামিয়েছিলেন মিচায়েল এসিয়েনকে। ভাঙা হাত জোড়া লাগলেও ভাঙা কপাল জোড়া লাগাতে পারেননি নিয়মিত অধিনায়ক ইকার ক্যাসিয়াস। কালও কোচ মরিনহো তাঁকে একাদশের বাইরেই রেখেছিলেন।খেলার নয় মিনিটের সময় এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। রোনালদোর এই গোলের নেপথ্য কারিগর ছিলেন মেসুত ওজিল। ওজিলের নিপুণ এক থ্রু থেকে বল ধরে গ্যালাতেসারের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার মাথার ওপর দিয়ে দারুণ ক্যারিশমায় জালে বল ঠেলেন ক্রিস্টিয়ানো রোনালদো।এক গোলে পিছিয়ে পড়ে দিদিয়ের দ্রগবার কল্যাণে ম্যাচে ফেরার একটা সুযোগ হয়েছিল গ্যালাতেসারের। কিন্তু তিনি ব্যর্থ হন।এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে রিয়ালকে আরও একটি গোল উপহার দিতে ব্যর্থ হন ওজিল। বক্সের মাথা থেকে নেওয়া তাঁর শট ঠেকিয়ে দিন মুসলেরা। দ্রগবার একটি দুর্দান্ত শট পাঞ্চ করে ব্যর্থ করে দেন রিয়াল গোলরক্ষক ডিয়েগো লোপেজ।প্রথমার্ধের ২৯ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ইসিয়েনের ক্রসকে গোলে পরিণত করেন করিম বেনজেমা।দুই গোলে পিছিয়ে খেলায় ফেরার চেষ্টায় থাকা গ্যালাতেসারেকে এরপর হতাশ করেন বুরাক ইলমাজ। সার্জিও র্যামোসকে ফাঁকি দিয়ে দ্রগবার বাড়ানো বলটি পোস্টের খুব কাছ থেকে পেয়েও গোল করতে পারেননি ইলমাজ। এরপর ইমানুয়েল এবু গোলরক্ষক লোপেজকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন।গ্যালাতেসারে বেশ কবার রিয়ালের রক্ষণব্যুহে আতঙ্ক ছড়ালেও রিয়াল মাদ্রিদ কিন্তু সব সময়ই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল। বল দখলে রেখে গ্যালাতেসারের গোলমুখে বরং রিয়ালই গোল হওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পেরেছে বেশি। প্রথমার্ধের শেষ দিকে ক্রিস্টিয়ানো রোনালদোর একটি ফ্রি-কিক পোস্টের ওপর দিয়ে চলে যায়।দ্বিতীয়ার্ধে খেলার নিয়ন্ত্রণ প্রায় পুরোটাই হাতে তুলে নেয় রিয়াল মাদ্রিদ। এই অর্ধে নিজেদের পায়ে বলের দখল রেখে গ্যালাতেসারের খেলোয়াড়দের দেদার খাটিয়ে মারে রিয়াল মাদ্রিদের বিশ্বসেরা তারকারা। ৭৩ মিনিটের সময় আরেকটি কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় রিয়াল। খেলার সব আকর্ষণ শেষ করে দিয়ে জাবি আলনসোর একটি ফ্রি-কিকে মাথা লাগিয়ে তা গোলে পরিণত করেন বদলি মাঠে নামা গঞ্জালো হিগুয়েইন। খেলার শেষের দিকে রোনালদোর একটি শটে বাধা হয়ে দাঁড়ান এবু। নিজের দ্বিতীয় গোলটি না পেয়ে দুঃখিত হতে পারেন রোনালদো। কিন্তু ততক্ষণে হোসে মরিনহোর চেহারায় ফুটে উঠেছে আকর্ণ বিকশিত হাসি। সেমিটা যে ততক্ষণে প্রায় নিশ্চিত হয়ে গেছে। রয়টার্স।