সেমির পথে রিয়াল-পিএসজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪-১ লজ্জার জবাব ৩-০!
গত মৌসুমের সেমিফাইনাল প্রথম লেগে নিজেদের মাঠে বরুসিয়া ডর্টমুন্ড রিয়ালকে হারিয়েছিল ৪-১ গোলে। ফিরতি লেগে ২-০-তে জিতেও তাই ‘লা ডেসিমার’ স্বপ্ন বিসর্জন হয়েছিল রিয়ালের। ফাইনালে ওঠে ডর্টমুন্ড। এবার কোয়ার্টার ফাইনালই রিয়ালের জন্য সাজিয়ে দিয়েছে প্রতিশোধের মঞ্চ।
ষোলো আনা প্রতিশোধের জন্য অবশ্য রিয়ালকে অপেক্ষা করতে হবে আরেক সপ্তাহ। তবে পরশু প্রথম লেগে বেল, ইসকো, রোনালদোর এনে দেওয়া ৩-০ জয়ে রিয়াল ৪-১-এর জবাবটা দিয়েছে। ডর্টমুন্ডের মাঠে আগামী মঙ্গলবার ফিরতি লেগে নির্ভার হয়েই খেলতে যাবে রিয়াল। কোচ আনচেলত্তি উচ্ছ্বসিত।
তবে যার অধীনে গত বছর রিয়ালের ওই ডর্টমুন্ড-লজ্জা, সেই হোসে মরিনহোও পরশু মাঠ ছেড়েছেন হতাশা নিয়ে। মরিনহোর চেলসিকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেছে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)।
একই সময়ে শুরু মাদ্রিদ আর প্যারিসের ম্যাচ দুটিতে একই সময়ে উৎসব করেছে দুই স্বাগতিক দল। মাদ্রিদে ম্যাচের তিন মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন গ্যারেথ বেল। তিন মিনিটেই প্যারিসে পিএসজি এগিয়ে যায় এজেকুয়েল লাভেজ্জির গোলে। দুই ম্যাচের আরেকটা মিল, চোট পেয়ে মাঠ ছেড়েছেন জয়ী দুই দলের সবচেয়ে বড় দুই তারকা। তবে পিএসজি কোচ লরাঁ ব্লাঁর দুশ্চিন্তাই বেশি। কারণ ঊরুতে চোট পাওয়া জ্লাতান ইব্রাহিমোভিচের মঙ্গলবার ফিরতি ম্যাচে না খেলার সম্ভাবনাই বেশি। অন্যদিকে ৮০ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়লেও ক্রিস্টিয়ানো রোনালদোর চোট নিয়ে উদ্বিগ্ন নন আনচেলত্তি।
মাঠ ছাড়ার আগে দলের জয় নিশ্চিত করে রোনালদো ভাগ বসিয়েছেন মেসি এবং এসি মিলানের ব্রাজিলিয়ান তারকা হোসে আলতাফিনি মাজ্জোলার একটা রেকর্ডে। ৫৭ মিনিটে দলের তৃতীয় গোলটি এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগে রোনালদোর ১৪তম গোল। ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগে তাঁর আগে সর্বোচ্চ ১৪ গোল করেছিলেন কেবল ওই দুজনই। মেসি ২০১১-১২ মৌসুমে, আলতাফিনি ১৯৬২-৬৩ মৌসুমে।
লাভেজ্জির পর পিএসজির দ্বিতীয় গোলটা চেলসির ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজের আত্মঘাতী। শেষ দিকে পিএসজির তৃতীয় গোলটি বদলি নামা আরেক আর্জেন্টাইন হাভিয়ের পাস্তোরের। মরিনহো দলের বাজে পারফরম্যান্সের জন্য ধুয়ে দিয়েছেন নিজের খেলোয়াড়দের, ‘আমরা হাফ চান্সকে গোলে রূপান্তর করতে পারিনি। সবচেয়ে বড় কথা, আমরা রক্ষণে ভুল করেছি। ব্যক্তিগত ভুল। আমাদের তারই মূল্য দিতে হয়েছে।’ এএফপি।
এ ক ন জ রে
রিয়াল ৩ : ০ ডর্টমুন্ড
পিএসজি ৩ : ১ চেলসি
 প্রথমে স্বাগতিক দল