সেমির পথে শেষ লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৮ বছর পেরিয়ে গেছে। আজও তবু সব স্পষ্ট মনে করতে পারেন দিলীপ মেন্ডিস, ‘বল চোখে দেখছিলাম না। মনে হচ্ছিল বিদ্যুচ্চমকের মতো কিছু একটা আসছে। গড়ে ১০০ মাইল গতিতে বোলিং করছিল থম্মো।’ থম্মো মানে জেফ টমসন। সে সময় বিশ্বের দ্রুততম বোলার। অনেকের মতে, সর্বকালেরই সবচেয়ে দ্রুততম। টমসনের বলে সেদিন মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন মেন্ডিস, পা ভেঙে গিয়েছিল সুনীল ওয়েতিমুনির। পরে দুজনই ভর্তি হয়েছিলেন হাসপাতালে।

তবু মেন্ডিস-ওয়েতিমুনি এবং লঙ্কান ক্রিকেটের জন্য দিনটি গর্বের। টেস্ট-পূর্ব যুগে লঙ্কান ক্রিকেটের সামর্থ্য-শৌর্য বোঝাতে ওই ম্যাচটির কথাই বলা হতো। বিশ্বের অন্যতম সেরা দল অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল পুঁচকে শ্রীলঙ্কা। অ্যালান টার্নারের সেঞ্চুরি, গ্রেগ চ্যাপেল ও ডগ ওয়াল্টার্সের ফিফটিতে অস্ট্রেলিয়া তুলেছিল ৩২৮। বড় প্রতিপক্ষ আর বড় রানে ভড়কে যায়নি লঙ্কানরা, ৪ উইকেটে ২৭৬ রান তুলে চমকে দেয় ক্রিকেট-বিশ্বকে। তার চেয়েও বিস্ময়কর ছিল, হেলমেট ছাড়াই লিলি-টমসন-ওয়াকারদের গোলা সামলে, হাতে-পায়ে-বুকে-পিঠে আঘাত পেয়েও টলে না গিয়ে পুরো ৬০ ওভার খেলেছিল দারুণ সাহসিকতায়।

সেই ওভাল, আরেকটি জুন। ১৯৭৫ বিশ্বকাপের সেই লড়াইয়ের পর আজই প্রথম ইংল্যান্ডে ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা। ৩৮ বছরে লন্ডন ব্রিজের নিচ দিয়ে অনেক পানি বয়ে গেছে। অনেক চড়াই-উতড়াই পেরিয়ে এসেছে এই দুই দলও। আজ চ্যাম্পিয়নস ট্রফিতে যখন সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি দুই দল, মিল পাওয়া যাচ্ছে একটি জায়গায়। আলোচনায় সেই পেস বোলিং। যদিও বদলে যাওয়া সময়ের প্রতীক হিসেবেই যেন পেস-আলোচনার প্রেক্ষাপট ভিন্ন। প্রশ্ন—আজ কি জ্বলে উঠতে পারবে অস্ট্রেলিয়ান পেস আক্রমণ? সমান গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভঙ্গুর অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইনআপ কি পারবে লাসিথ মালিঙ্গার তোপ সামলাতে?

ভারতে গিয়ে নাকানিচুবানি খেয়ে এলেও মার্ক টেলর, শেন ওয়ার্নরা আসন্ন অ্যাশেজে অস্ট্রেলিয়ার ওপর ভরসা হারাচ্ছেন না দলের পেস আক্রমণের কারণে। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে এখনো দারুণ কিছু করতে পারেনি ওই পেস আক্রমণ। ব্যাটিং নিয়ে চিন্তাটা অবশ্য এর চেয়েও বেশি। প্রস্তুতি ম্যাচ থেকেই ব্যাটিংটা হচ্ছে যাচ্ছেতাই, আজ আবার সামনে মালিঙ্গা। কোচ মিকি আর্থারও যেন শঙ্কিত, ‘মালিঙ্গা বিস্ময়কর। বিশেষ করে শেষ ওভারগুলোয় তো নিঃসন্দেহে বিশ্বসেরা।’ আজ মাইকেল ক্লার্ক ফিরলে অবশ্য ব্যাটিংটা একটু শক্ত হবে। গত দুই ম্যাচের অধিনায়ক জর্জ বেইলির কাছে দেশকে নেতৃত্ব দেওয়া মনে হচ্ছে ‘স্বপ্ন সত্যি হওয়ার মতো।’ দলের স্বার্থে তবু বললেন, ক্লার্ককে ফিরে পেতে কতটা উদগ্রীব হয়ে আছে দল।

প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কার পারফরম্যান্স ছিল পুরো উল্টো। নিউজিল্যান্ডের বিপক্ষে বাজে ব্যাটিংয়ের পরও প্রায় জিতিয়ে দিয়েছিলেন বোলাররা। ইংল্যান্ডের বিপক্ষে ভালো করতে পারেননি বোলাররা, জিতিয়েছেন ব্যাটসম্যানরা। আজ অ্যাঞ্জেলো ম্যাথুস চাইবেন দুটির সমন্বয়।

এই ম্যাচ থেকে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার প্রাপ্তি কিছুটা নির্ভরশীল ইংল্যান্ড-নিউজিল্যান্ডের কালকের ম্যাচের ফলের ওপরও। তবে সব হিসাব-নিকাশের আগে, আজ দুই দলেরই চাই জয়। সেমির আগে আজ যেন শেষ ‘কোয়ার্টার ফাইনাল’! তথ্যসূত্র: ওয়েবসাইট।