সেমেনিয়াও জিতলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্র্যাকে নামাটাই তাঁর এক ধরনের জয়। সেই জয়টাকে পদকের আলোতেও রাঙিয়ে দিলেন কেস্টার সেমেনিয়া। দর্শকদের অকুণ্ঠ অভিনন্দন-ভালোবাসার সঙ্গে দক্ষিণ আফ্রিকান মেয়ে লন্ডন থেকে একটা পদকও নিয়ে যাচ্ছেন দেশে। মেয়েদের ৮০০ মিটারে রুপা জিতেছেন ২১ বছর বয়সী মেয়ে। সময় করেছেন ১ মিনিট ৫৭.২৩ সেকেন্ড। ১ মিনিট ৫৬.১৯ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়ন রাশিয়ার মারিয়া সাভিনোভা। এই ইভেন্টে ব্রোঞ্জও গেছে রাশিয়াতেই, একাতেরিনা পোইস্টোগোভা দৌড় শেষ করেছেন তৃতীয় হয়ে। বেইজিংয়ের চ্যাম্পিয়ন কেনিয়ার পামেলা জেলিমোর সঙ্গী একরাশ হতাশা। সেমেনিয়ার কাছে রুপাটাই সোনার সমান! স্বদেশি অস্কার পিস্টোরিয়াসের সঙ্গে সেমেনিয়া লন্ডনে এসেছিলেন বিশেষ চরিত্র হয়ে। নিজে মেয়ে কি না সেই প্রমাণ দিতে হয়েছে তাঁকে, এ নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। সবকিছু এসে থামল এই অলিম্পিকে। যেখানে ট্র্যাকে নামলেই সেমিনিয়া সিক্ত হয়েছেন দর্শকদের অকুণ্ঠ অভিনন্দন-ভালোবাসায়। শেষ পর্যন্ত অবশ্য পদক জিতে পিস্টোরিয়াসের কাছ থেকে নিজেকে আলাদাই করে ফেললেন সেমেনিয়া। এএফপি।