সেমেনিয়ার আরেকটি জয়
একটা জয় পেয়েছিলেন ৬ জুলাই, যেটি ছিল ‘নারী’ হিসেবে স্বীকৃতি। আন্তর্জাতিক অ্যাথলেটিকসের সর্বোচ্চ সংস্থা আইএএএফ জানিয়েছে, মেয়েদের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কাস্টার সেমেনিয়া। ১১ মাস পর পরশু ট্র্যাকে ফিরেও জয় পেলেন ৮০০ মিটারের বিশ্ব চ্যাম্পিয়ন। ২ মিনিট ৪.২২ সেকেন্ড সময় নিয়ে ফিনল্যান্ডের লাপ্পিনরান্টা মিটের ৮০০ মিটারে সোনা জিতেছেন দক্ষিণ আফ্রিকান এই অ্যাথলেট। টাইমিং অবশ্য তাঁর সেরার ধারেকাছেও নেই। তবে দুঃসহ সব স্মৃতিকে পেছনে ফেলে পাওয়া এই জয়টা কম কী!গত আগস্টে বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৮০০ মিটার জিতেছিলেন ১ মিনিট ৫৫.৪৫ সেকেন্ড সময় নিয়ে। সেমেনিয়াকে নিয়ে বিতর্কের শুরু এর পর থেকেই। মূলত শারীরিক গঠনের জন্যই প্রশ্ন ওঠে তিনি আসলেই মেয়ে কি না। অনেকে তাঁর লিঙ্গ পরীক্ষার দাবি জানান। এই দাবিকে আবার অপমান হিসেবে ধরে নিয়ে লিঙ্গ পরীক্ষায় অস্বীকৃতি জানায় সেমেনিয়ার পরিবার। বিতর্ক ছড়িয়ে পড়ে অ্যাথলেটিকস বিশ্বজুড়ে।লিঙ্গ পরীক্ষার দাবি মানবাধিকারবিরোধী, বর্ণবাদী আচরণ—সেমেনিয়ার দেশের রাজনীতিবিদ, মানবাধিকার কর্মীদের কণ্ঠ ছিল এমনই সোচ্চার। পুরো ব্যাপারটা ঠিকভাবে সামাল দিতে না পারায় আইএএএফকে দায়ী করেন মাইকেল জনসনের মতো অনেক সাবেক তারকা অ্যাথলেট। বিতর্কের কোনো নিষ্পত্তি না হওয়ায় বার্লিনের পর থেকে আর ট্র্যাকে নামা হয়নি সেমেনিয়ার। অবশেষে লিঙ্গ পরীক্ষার পর তাঁকে আবার ট্র্যাকে নামার অনুমতি দেয় আইএএএফ। তবে পরীক্ষার ফলাফল প্রকাশ্যে জানানো হয়নি।এসব এক পাশে রেখে ট্র্যাকে ফিরতে পেরেই স্বস্তি পাচ্ছেন সেমেনিয়া। টাইমিংটা ভালো না হলেও ১৯ বছর বয়সী তারকা তাঁর এই প্রত্যাবর্তনকে দেখছেন নতুন শুরু হিসেবে, ‘আমি খুব খুশি। টাইমিং নিয়ে আমি চিন্তিত নই, বাইরে বসে থাকার চেয়ে অন্তত ট্র্যাকে নামা ভালো। যা হয়েছে সব আমি আগেই ভুলে গেছি। এটা আসলে আমার জন্য নতুন শুরু।’ আপাতত সামনে ইউরোপের দু-তিনটি মিটে দৌড়াবেন সেমেনিয়া। তারপর সিদ্ধান্ত নেবেন অক্টোবরের দিল্লি কমনওয়েলথ গেমসে থাকছেন কি না। এএফপি।